ঝুড়িভর্তি পরিযায়ী পাখি ফেলে পালালেন বিক্রেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝুড়ি থেকে হট্টিটিটি, জলমোরগ, ছোট ডুবুরিসহ বিভিন্ন প্রজাতির ২০টি পাখি পাওয়া গেছে
ছবি: প্রথম আলো

মধ্যবয়স্ক এক ব্যক্তি ঝুড়ি হাতে নিয়ে মৌলভীবাজারের জুড়ীর নয়াবাজার এলাকায় ঘোরাঘুরি করছিলেন। মাছ ভেবে লোকজন তাঁকে ডাক দেন। এ সময় লোকটি ফিসফিস করে তাঁদের বলেন, মাছ নয়, ঝুঁড়িতে হাওরের জ্যান্ত পাখি আছে। প্রতি জোড়া পাখির দাম হাঁকেন ৫০০ টাকা।

এ সময় হাকালুকি হাওরে বেড়াতে যাওয়ার উদ্দেশে খোরশেদ আলম ও সাব্বির আহমদ খান নামের দুই ব্যক্তি ওই পথ ধরে যাচ্ছিলেন। নয়াবাজারে লোকজনের জটলা দেখে তাঁরা মোটরসাইকেল থামিয়ে দেখেন, সেখানে পাখি কেনাবেচা চলছে। পরে তাঁরা ওই পাখি বিক্রেতার নাম–ঠিকানা জিজ্ঞেস করেন। পাখি বিক্রেতা তাঁর নাম ‘জাহিদুল’ বলেই সেখান থেকে দ্রুত পালিয়ে যান। আজ শুক্রবার বিকেলে উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

পরে ওই ঝুড়ি থেকে হট্টিটিটি, জলমোরগ, ছোট ডুবুরি, বাবুবাটানসহ বিভিন্ন প্রজাতির ২০টি পাখি পাওয়া গেছে। এ ছাড়া মৃত অবস্থায় আরও তিনটি পাখি পাওয়া যায়। পরে বিষয়টি তাঁরা মুঠোফোনে বন বিভাগের কর্মকর্তাদের অবহিত করেন।

জানতে চাইলে বন বিভাগের জুড়ী কার্যালয়ের রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, জীবিত পাখিগুলোকে জুড়ী নদীর পাড়ে ছেড়ে দেওয়া হয়েছে । মৃত পাখিগুলোকে মাটিতে পুঁতে ফেলা ফেলা হয়েছে। এ ঘটনায় জড়িত পাখিশিকারির বিষয়ে তদন্ত করে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর এ সময়ে হাওরের বিভিন্ন জলাশয়ে পরিযায়ী পাখির সমাবেশ ঘটে। দূরদেশের অসহনীয় শীত থেকে বাঁচতে এসব পাখি হাকালুকি হাওরে আশ্রয় নেয়। এ সুযোগে স্থানীয় কিছু পাখিশিকারি কীটনাশক মেশানো খাবার খাইয়ে অথবা জাল দিয়ে ফাঁদ তৈরি করে পাখি শিকার করেন। পরে এসব পাখি স্থানীয় বিভিন্ন হাটবাজারসহ রেস্তোরাঁয় চড়া দামে বিক্রি করা হয়।