টঙ্গিবাড়ীতে ব্যাংক এশিয়ার এজেন্টকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ব্যাংক এশিয়ার এক এজেন্টকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার বেলা সাড়ে ১১টার সময় উপজেলার তস্তিপুর সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুল বারেক (৪৪) উপজেলার বানারী গ্রামের মোস্তফা মোরলের ছেলে। তিনি রংমেহার গ্রামে ভাড়া বাসায় থেকে ব্যাংক এশিয়ার এজেন্ট হিসেবে কাজ করতেন। একই সঙ্গে হাসাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার সহকারী হিসেবে কাজ করতেন।

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার বালিগাঁও বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট শাখায় কাজ সেরে অটোরিকশায় করে রংমেহার গ্রামে তাঁর ভাড়া বাড়িতে ফিরছিলেন বারেক। তস্তিপুর সেতু এলাকায় পৌঁছালে তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে তাঁকে অটোরিকশা থেকে নামিয়ে কুপিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব আলী প্রথম আলোকে জানান, জায়গাটি নিরব ছিল। স্থানীয় কয়েকজন কৃষকের মাধ্যমে জানতে পারেন, তিন যুবক এসে প্রকাশ্যে বারেক শেখকে কুপিয়ে চলে যায়। কী কারণে ঘটনাটি ঘটেছে, এখনো জানা যায়নি।

ওসি সোহেব আলী বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।