টঙ্গীতে আগুনে পুড়ল ঝুটের চারটি গুদাম, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীতে বৃহস্পতিবার রাতে ঝুটের গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা শুক্রবার ভোর সোয়া ৪ টার দিকে আগুনের নিয়ন্ত্রণে আনে
ছবি: প্রথম আলো

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ঝুটের গুদামে লাগা ভয়াবহ আগুন সাত ঘণ্টার চেষ্টায় শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে নিয়ন্ত্রণে এসেছে।  বৃহস্পতিবার রাত ৯টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় ঝুটের চারটি গুদামে আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে তিনজন আহত হয়েছেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় ঝুটের চারটি গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি, উত্তরার ৩টি ও ঢাকা জোন-৩-এর ২টি সহ ৮টি ইউনিট প্রায় ৭ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে চারটি গুদামে থাকা মালামাল ভস্মীভূত হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে হঠাৎ করে ঝুট ব্যবসায়ী সবুজের গুদামে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও তিনটি গুদামে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এর আগে বিকেলে গুদামগুলোতে কয়েক ট্রাক ঝুট সংরক্ষণ করা হয়। ধারণা করা হচ্ছে, দিনমজুরদের সিগারেটের আগুন কিংবা কয়েলের আগুন থেকে গুদামে আগুন লাগতে পারে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে তিনজন আহত হন। আহত লোকজনকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত ঝুট ব্যবসায়ী সবুজ হোসেন জানান, বৃহস্পতিবার গুদামে বিপুলসংখ্যক ঝুট মজুত করা হয়। আগুনে গুদামে থাকা সব মালামাল পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, অলিম্পিয়া মার্কেটের একটি ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তেই পাশের গুদামে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভোর ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, ভয়াবহ এই আগুনে একটি গুদামের শেড ধসে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও গুদামের ভেতরে এখনো ধোঁয়া উড়ছে। এখন সেখানে ডাম্পিংয়ের কাজ চলছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও  ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।