টঙ্গীতে কারখানা বন্ধ পেয়ে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজে এসে কারখানা বন্ধ পাওয়ায় বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এ সময় পুলিশ বাধা দিলে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকালে টঙ্গীর বিসিক এলাকায়
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে কাজে এসে কারখানা বন্ধ পেয়ে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে টঙ্গীর বিসিক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ বিক্ষোভে বাধা দিলে কয়েক দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে শ্রমিক–পুলিশ মিলে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিক্ষোভকারী শ্রমিকেরা বলেন, তাঁরা বিসিকের ত্রিভলী অ্যাপারেলস কারখানায় কাজ করেন। তাঁদের প্রায় ২ হাজার ১০০ জন শ্রমিক রয়েছেন। এর মধ্যে গত ২৯ জানুয়ারি কারখানার এক নারী শ্রমিককে মারধর করেন এক কর্মকর্তা। এ নিয়ে ওই কর্মকর্তার বিচারসহ ১২টি দাবি উত্থাপন করেন শ্রমিকেরা। পরবর্তী সময় ওই কর্মকর্তাকে কারখানা থেকে বের দিলেও দাবিগুলো মেনে নিচ্ছেন না তাঁরা।

শ্রমিকেরা বলেন, আজ সকালে হঠাৎ কাজে এসে দেখেন কারখানা বন্ধ। এরপর শ্রমিকেরা এক হয়ে কারখানা খোলার দাবিতে রাস্তায় নামলে পুলিশ লাঠিপেটাসহ গুলি ছুড়তে থাকে। এতে তাঁদের অনেকেই আহত হন। পরবর্তী সময় তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

শ্রমিকেরা বলেন, তাঁরা শান্তিপূর্ণভাবেই সড়কে অবস্থান করছিলেন। কিন্তু এর মধ্যেই পুলিশ এসে তাঁদের ওপর চড়াও হয়। এতে কারখানার অপারেটর ছকিনা আক্তার, মনিরুল ইসলাম, মো. জিয়া, তাসলিমাসহ অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন।

রফিকুল ইসলাম নামের এক শ্রমিক বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের কথাগুলো বলছিলাম। কিন্তু পুলিশ কোনো কথা না শুনেই আমাদের ওপর চড়াও হইছে, গুলি ছুড়ছে। আমাদের অনেকেরই পা-হাত কেটে গেছে।’

পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, কারখানাটি বন্ধ পেয়ে শ্রমিকেরা জড়ো হয়ে বিসিকের সড়ক অবরোধ করে দেন। এরপর তাঁরা আরও শ্রমিক যোগ করতে আশপাশের অন্য কারখানাগুলোয় ইটপাটকেল ছুড়ে ভাঙচুর চালাতে থাকেন। পুলিশ তাঁদের থামাতে গেলে একের পর এক ইটপাটকেল ছুড়তে থাকেন। পরবর্তী সময় পুলিশও বাধ্য হয়ে লাঠিপেটা করে। একপর্যায়ে কয়েক রাউন্ড রাবার বুলেট, টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি স্বাভাবিক করে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাসুদ প্রথম আলোকে বলেন, শ্রমিকেরা কারখানা কর্তৃপক্ষের কাছে যে দাবিগুলো তুলেছিল, তার বেশির ভাগই অযৌক্তিক। মালিকপক্ষ তার পরও বেশ কিছু দাবি মেনে নেয়। কিন্তু শ্রমিকেরা শান্ত না হওয়ায় আজ সকাল থেকে কারখানা বন্ধ করে দেন। এটা দেখেই শ্রমিকেরা রাস্তায় নেমে বিশৃঙ্খলা করতে থাকেন। তিনি বলেন, আত্মরক্ষার্থে পুলিশ কঠোর হতে বাধ্য হয়। এ ঘটনায় অন্তত পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।