টঙ্গীতে বিএনপির ঘরোয়া সভায় পুলিশের বাধা, লাঠিপেটার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর জেলার মানচিত্র

গাজীপুরের টঙ্গীতে বিএনপির এক ঘরোয়া বৈঠকে পুলিশের বাধা ও লাঠিপেটা করার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকালে গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন সরকারের বাসভবনে আয়োজিত ওয়ার্ড বিএনপির পরিচিতি ও বিজয় দিবসের আলোচনা সভায় এ ঘটনা ঘটে। এতে সভা শেষ না করেই ঘটনাস্থল ত্যাগ করেন নেতা–কর্মীরা।

তবে লাঠিপেটা করা হয়নি বলে দাবি করেছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাসুদ। তিনি বলেন, সাধারণত মহানগর এলাকায় যেকোনো সভা-সমাবেশ করতে হলে পুলিশ কমিশনারের অনুমতি লাগে। কিন্তু তাদের এ ধরনের কোনো অনুমতি ছিল না। তাই পুলিশ গিয়ে তাদের সভা করতে নিষেধ করেছে।

বৈঠকে উপস্থিত বিএনপি নেতারা বলেন, তিন দিন ধরে সালাউদ্দিন সরকারের টঙ্গীর বাসভবনে বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীদের পরিচিতি সভা ও বিজয় দিবসের আলোচনা সভা চলছে। এর মাঝে শনিবার বেলা ১১টা থেকে ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি পরিচিতি ও বিষয় দিবসের আলোচনা হওয়ার কথা। এ উপলক্ষে ৩০–৩৫ জন নেতা–কর্মী সালাউদ্দিন সরকারের বাসার হলরুমে জড়ো হন। আলোচনা শুরুর ১৫–২০ মিনিটের মধ্যে অন্তত ২৫ জন পুলিশ এসে তাঁদের ওপর চড়াও হয়। তাঁদের আলোচনা বন্ধ করতে বলা হয়। কিন্তু রাজি না হলে হলরুমের বাইরে থাকা ১০–১২ জন নেতা–কর্মীকে লাঠিপেটা শুরু করে পুলিশ। পরিস্থিতি খারাপ দেখে আলোচনা শেষ না করেই ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন তাঁরা।

টঙ্গী পূর্ব থানা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সরাফত হোসেন প্রথম আলোকে বলেন, তাঁরা আলোচনা শুরু করেছেন মাত্র। এর মাঝেই হঠাৎ করে পুলিশ এসে এসব বন্ধ করতে বলে। ‘এখন আর কোনো সভা চলবে না’ জানিয়ে খারাপ ব্যবহার করতে থাকে। তাতেও পিছপা না হলে হলরুমের বাইরে থাকা নেতা–কর্মীদের লাঠিচার্জ শুরু করে। এরপর সবাই চলে যেতে বাধ্য হয়। তিনি বলেন, ‘একটি গণতান্ত্রিক দেশে ঘরোয়া বৈঠকও করতে না পারাটা খুবই দুঃখজনক।’