টমটমের চাকায় গেল মেধাবী ছাত্রীর প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখাপড়া শিখে আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন ছিল মেধাবী ছাত্রী সিদরাতুল মুন্তাহা ইমার (১৬)। কিন্তু টমটমের (ব্যাটারিচালিত ইজিবাইক) চাকা ইমার সেই স্বপ্ন পূরণ হতে দিল না।
গতকাল বুধবার দুপুরে কক্সবাজার সরকারি কলেজ থেকে বাড়ি ফেরার পথে টমটমের চাকায় ওড়না পেঁচিয়ে মারা গেল ইমা। ইমা ওই কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিল।
ইমা কক্সবাজার শহরের নালাপাড়ার বাসিন্দা ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পেশকার মোহাম্মদ আয়ুবের মেয়ে। গত বছর কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ইমা এসএসসি ব্যবসায় শিক্ষা শাখায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল।
পরিবারের সদস্যরা জানান, গতকাল বেলা দেড়টার দিকে পাঁচজন বান্ধবী বাড়ির উদ্দেশে কলেজগেট থেকে টমটমে ওঠে। কিছুক্ষণ পর টমটমটি শহরের হাশেমিয়া আলেয়া মাদ্রাসার সামনে এলে তার ওড়নার দুই মাথা টমটমের চাকায় পেঁচিয়ে যায়। ওড়নাটি গলায় ঝোলানো ছিল। চলন্ত চাকায় ওড়না পেঁচিয়ে ইমা টমটম থেকে মাটিতে ছিটকে পড়ে। সহপাঠীরা তাকে উদ্ধার করে কক্সবাজার ডিজিটাল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী বলেন, শহরের প্রধান সড়কে অন্তত আট হাজার টমটম চলাচল করে। এর মধ্যে অর্ধেক অবৈধভাবে চলাচল করে। বেপরোয়া টমটম চলাচলের কারণে বহু শিক্ষার্থী হতাহত হচ্ছে।
কক্সবাজার সদর থানার ওসি মাহফুজুর রহমান বলেন, ইমার লাশ সন্ধ্যায় দাফন করা হয়েছে।