টমেটোবোঝাই ট্রাকে যাচ্ছিল ফেনসিডিল, আটক ৩
টমেটোবোঝাই ট্রাকে যাচ্ছিল ফেনসিডিল। মঙ্গলবার মধ্যরাতে র্যাব-৫–এর একটি দল অভিযান চালিয়ে সেই ট্রাক থেকে ফেনসিডিলের তিনটি বস্তা উদ্ধার করে। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা থানার রহমান ফিলিং স্টেশন এলাকার চেকপোস্টে এই ঘটনা ঘটে।
আটক তিনজন হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাজারমপুর অচিনপাড়া গ্রামের শফিকুল ইসলাম (৪০), শিবগঞ্জ উপজেলার কয়ালারদিয়ার গ্রামের মশিউর রহমান ওরফে সোহান (২৪) ও একই উপজেলার তেররশিয়া গ্রামের আখতারুজ্জামান শাহিন (২৩)। এঁদের মধ্যে শফিকুল ট্রাকের চালক।
আজ বুধবার সকালে র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শিবগঞ্জ থেকে একটি টমেটোবোঝাই ট্রাকে করে ফেনসিডিল নিয়ে যাওয়া হচ্ছিল। টমেটোর ভেতরে তিনটি বস্তার মধ্যে ৬৩১ বোতল ফেনসিডিল ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফেনসিডিল ও ট্রাকসহ তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে।