টরকী বন্দরে ডাকাতির মামলায় আরও দুজন গ্রেপ্তার
বরিশালের গৌরনদীর টরকী বন্দরে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে পুলিশ সন্দেহভাজন চারজনকে গ্রেপ্তার করল।
গ্রেপ্তার দুজন হলেন গনি আকন ও রাসেল মিয়া। শনিবার রাসেলকে ও রোববার গনি আকনকে গ্রেপ্তার করা হয়। রোববার আদালতের মাধ্যমে তাঁদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
টরকী বন্দরে ডাকাতির ঘটনায় করা মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, রোববার সকালে গৌরনদী মডেল থানার পুলিশ বরিশাল কোতোয়ালি থানার নবগ্রাম রোড এলাকা থেকে গনি আকন ওরফে গনি ডাকাতকে গ্রেপ্তার করে। গনি উজিরপুরের হারতা মাছ বাজারে ট্রলার নিয়ে আলোচিত ডাকাতি মামলার প্রধান আসামি ছিলেন। আগের দিন শনিবার গৌরনদী উপজেলার টরকী বন্দর এলাকায় গৌরনদী মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে রাসেল মিয়া ওরফে রাসেল প্যাদাকে (৩৫) গ্রেপ্তার করে। বিএনপি কর্মী রাসেল গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হোসেন মিয়ার চাচাতো ভাই ও গৌরনদী উপজেলা আওয়ামী লীগের নেতা আবুল হোসেন মোল্লার ভাগনে।
রোববার গ্রেপ্তার গনি ও রাসেলকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে হাজির করলে আদালত তাঁদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আলী হোসেন (৪২) ও আরিফ ফকির (২৬) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, ১৫ আগস্ট রাতে টরকী বন্দরে ডাকাতির পরিকল্পনাকারী রাসেল ঘটনার পর গা ঢাকা দেন। পরে শুক্রবার এলাকায় ফিরে আসেন। শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। গনি আকন উজিরপুরের হারতা বাজারে ট্রলার নিয়ে ডাকাতি মামলার প্রধান আসামি ও আন্তজেলা ডাকাত দলের সদস্য।
টরকী বন্দর পুলিশ ক্যাম্পের কাছে ঐতিহ্যবাহী টরকী বন্দরের উত্তর–পূর্ব প্রান্তে বড় সেতুর ওপর ও বন্দরের ভেতরে দুটি চেকপোস্ট বসিয়ে ডাকাতি করে মুখোশ পরা অস্ত্রধারী ৪৫-৫০ জনের একটি দল। ডাকাতেরা টরকী বন্দরের রায়পট্টির ৬টি, মন্দির গলির ৫টি ও মধ্যচরের ২টি দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে ডাকাতি করে। এ ঘটনায় বন্দরের ব্যবসায়ী ও সুন্দরদী মহল্লার গোবিন্দ সাহার ছেলে মানিক সাহা বাদী হয়ে অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে ২৩ আগস্ট দুপুরে একটি মামলা করেন।