টাকা ছিনতাইয়ে বাধা, এনজিওকর্মী খুন
ঢাকার ধামরাই উপজেলার গাঁওতারা এলাকায় বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মীকে আজ মঙ্গলবার কুপিয়ে হত্যা করা হয়েছে। টাকা ছিনতাইয়ে বাধা দেওয়ায় তাঁকে হত্যা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ এক যুবককে আটক করেছে।
নিহত ব্যক্তির নাম ইসমাইল হোসেন (২৩)। তিনি আমরাইল গ্রামের আবদুল আলীর ছেলে। তিনি গোমগ্রাম বাজারের সন্দিপন উন্নয়ন সংস্থার মাঠকর্মী ছিলেন। আটক হওয়া ব্যক্তি হলেন রাজীব হোসেন (৩১)। তিনিও আমরাইলের বাসিন্দা।
প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে রাজীবের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাঁর সঙ্গে আরও দুজন ছিলেন।
ধামরাই থানার পুলিশ ও এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ইসমাইল আজ বিভিন্ন এলাকা থেকে ঋণের কিস্তির টাকা তুলে কার্যালয়ে ফিরছিলেন। বেলা একটার দিকে গাঁওতারা এলাকায় রাজীবসহ তিনজন তাঁর পথ রোধ করেন। ওই তিনজন ইসমাইলের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে ইসমাইলের মাথা ও গালে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। আশপাশের লোকজন এগিয়ে গেলে ওই তিনজন পালিয়ে যান। ঘটনাস্থলে ইসমাইল মারা যান। পরে লোকজন রাজীবকে আটক করে পুলিশে দেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে রাজীবের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাঁর সঙ্গে আরও দুজন ছিলেন। টাকা ছিনতাইয়ে বাধা দেওয়ার কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।