পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে একটি সড়কের কাজ শেষ না করেই ঠিকাদার বিল তুলে নিয়েছেন। এক বছর ধরে সড়কটি অসম্পূর্ণ রয়েছে। এর ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের উপেন্দ্রপুর গ্রামের পুরাতন মসজিদ থেকে উপেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৫০০ মিটার এবং ভাটপাড়া গ্রামের মহির উদ্দিন মোল্লার বাড়ি থেকে ভাটপাড়া পুরাতন হাট পর্যন্ত ৭৩৪ মিটার এলাকা নিয়ে এই রাস্তা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ রাস্তাসমূহ টেকসই প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থবছরে রাস্তাটির নির্মাণকাজ শুরু হয়। ব্যয় ধরা হয় ৬৭ লাখ ৪৭ হাজার টাকা। মেসার্স খালেদা কনস্ট্রাকশন নামের জেলা শহরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। দরপত্রের শর্ত অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০২০ সালের জুন মাসে রাস্তাটির নির্মাণকাজ শেষ করার কথা ছিল।
স্থানীয় লোকজন জানান, রাস্তাটি স্থানীয় লোকজনের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে ইউনিয়নের ভাটপাড়া, গুপিনপুরসহ অন্তত চারটি গ্রামের বাসিন্দারা চলাচল করে। তারা স্কুল-কলেজ, হাটবাজার, ব্যবসাপ্রতিষ্ঠান ও উপজেলা সদরে যাওয়া-আসায় এই রাস্তাটি ব্যবহার করে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানটি গত বছরের জুন মাসে রাস্তাটির প্রায় অর্ধেক অংশর নির্মাণকাজ বাকি রেখেই এলাকা ত্যাগ করে। এরপর দীর্ঘ এক বছরেও তাদের আর দেখা মেলে না। এতে রাস্তাটি ব্যবহারে চরম বিড়ম্বনায় পড়েছেন তাঁরা।
গত মঙ্গলবার দুপুরে দেখা যায়, সবুজ ছায়াঘেরা গ্রামের মাঝ দিয়ে চলে গেছে রাস্তাটি। রাস্তার অর্ধেক অংশ বেশ সুন্দর। পরিপাটি, ইট বিছানো। বাকি অর্ধেক অংশে বালি ফেলে রাখা হয়েছে, তবে ইট বিছানো নেই।
স্থানীয় লোকজনের দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠান এলাকা ত্যাগের পর তাঁরা বহুবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে ধরনা দিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন ব্যক্তিকে বিষয়টি জানিয়েছেন। কিন্তু কিছুতেই রাস্তাটির বাকি কাজ শেষ হয়নি। পরবর্তী সময়ে তাঁরা খোঁজ নিয়ে জেনেছেন, ঠিকাদার রাস্তার বাকি কাজ ফেলে রেখেই তাঁর পাওনা পুরো টাকা তুলে নিয়েছেন। এর ফলে তিনি আর কাজে আসছেন না।
ভাটপাড়া গ্রামের বাসিন্দা মাহাতাব আলী বলেন, ঠিকাদার ইট না বিছিয়ে শুধু বালি ফেলে রাখায় লোকজন বিপদে পড়েছে। বালির কারণে রাস্তা দিয়ে কোনো যানবাহন চলতে পারছে না। আনোয়ার হোসেন নামের অপর এক ব্যক্তি বলেন, ‘আমরা তো ঠিকেদারের আশায় বসেছিলেম। পরে শুনি ঠিকেদার টেকা লিয়ে গেছে, আর আসপিলয়। এহন তো অবাক হচ্ছি।’
সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম শামসুল আলম বলেন, বিষয়টি স্থানীয় লোকজন তাঁকে জানিয়েছেন। তিনিও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানিয়েছেন। কিন্তু প্রকল্পের কাজ না করে কীভাবে ঠিকাদার টাকা উত্তোলন করলেন, সেটি বুঝতে পারছেন না। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত বলে তিনি মনে করেন।
যোগাযোগ করা হলে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খালেদা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. আনিসুজ্জামান প্রথম আলোকে বলেন, রাস্তাটির জমি নিয়ে স্থানীয়দের বিরোধ ছিল। কিছু লোক রাস্তার জমির মালিকানা দাবি করে কাজ বন্ধ করে দিয়েছিলেন। ফলে তাঁরা কাজটি করতে পারছিলেন না। তবে প্রতিশ্রুতি ছিল জমির বিরোধ মিটলে বাকি কাজ করে দেওয়া হবে। আশা করছেন দু-এক দিনের মধ্যেই বাকি কাজ শেষ করে দেওয়া হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা বলেন, কিছু কাজ অসমাপ্ত থাকায় ঠিকাদারের ৫ লাখ টাকা জামানত আটকে রাখা হয়েছে। রাস্তার কাজ শেষ না হওয়া পর্যন্ত ওই টাকা ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যেই তিনি কাজের প্রস্তুতি শুরু করেছেন। আশা করছেন দ্রুতই বাকি কাজ শেষ হবে।