টাকা দিলে অন্যের ভর্তি পরীক্ষাও দেওয়া যায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকার বিনিময়ে অন্যের হয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছেন তিনজন। যাঁদের জন্য পরীক্ষা দিচ্ছিলেন তাঁদেরও ধরা হয়েছে। এ ছাড়া পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নেওয়ার ঘটনায় আরও দুজনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি-১’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এ ঘটনা ঘটে।

‘বি-১’ ইউনিটের আওতাধীন বিষয়গুলো হচ্ছে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ফারসি ভাষা ও সাহিত্য এবং আধুনিক ভাষা ইনস্টিটিউট।

অন্যের হয়ে পরীক্ষা দেওয়া ও জালিয়াতিতে ধরা পড়া আটজন হলেন মো. ইমরান হোসেন, আরাফাতুল ইসলাম, মো. আমানুল্লাহ, তামিদ মো. ইমতিয়াজ, জেকি ত্রিপুরা, মো. শাকিল হোসেন, মহসিন মিয়া, জাহিদ হোসেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী সাংবাদিকদের বলেন, ইমরান ও আরাফাতুলের রোল নম্বর আলাদা হলেও তাঁরা দুজনে খাতায় একই রোল নম্বর লেখেন। ইমরান নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিভি অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে দাবি করেছেন। ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ইমরানের সঙ্গে আরাফাতুলের দুই লাখ টাকায় চুক্তি হয়।

প্রক্টর বলেন, মো. আমানুল্লাহও আরেকজনের (সৈয়দ হাসিবুল হাসান) হয়ে পরীক্ষা দিচ্ছিলেন। একই ঘটনা ঘটান তামিদ ও জেকি। তাঁরা একে অন্যের উত্তরপত্রে পরীক্ষা দিচ্ছিলেন। তাহমিদের সঙ্গে জেকির ৫০ হাজার টাকার চুক্তি হয়। মো. শওকতের পরীক্ষা দিচ্ছিলেন মো. শাকিল হোসেন। আর মহসিন ও জাহিদ হোসেন পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নিতে প্রযুক্তি ব্যবহার করছিলেন। কেন্দ্র পরিদর্শক তাঁদের কাছে ইলেকট্রনিক ডিভাইস পেয়েছেন। এর মাধ্যমে একজন আরেকজনকে প্রশ্নের উত্তর বলে দিচ্ছিলেন।

প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, আটক আটজন নিজেদের অন্যায় স্বীকার করেছেন। তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে।