অনিয়মের অভিযোগ তুলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ সিকদার দলীয় মেয়র প্রার্থী বাছাইয়ের আওয়ামী লীগের তৃণমূলের সভা বর্জন করেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি তাঁর এ অভিযোগের কথা বলেন।
ফিরোজ সিকদার কলাপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বর্তমান মেয়র বিপুল চন্দ্র হাওলাদার পৌর কমিটির সভাপতি। তিনি অগণতান্ত্রিকভাবে পূর্ণাঙ্গ পৌর কমিটি গঠন করে নিজের পছন্দের লোকদের রেখেছেন। এ ছাড়া কালোটাকার বিনিময়ে তৃণমূলের ভোটারদের প্রভাবিত করা হয়েছে।
পৌর কমিটিতে সভাপতি বিপুল চন্দ্র হাওলাদারের ভাই, অন্যান্য ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানসহ পছন্দমতো লোকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ পৌর আওয়ামী লীগের কমিটিতে পৌরসভায় সক্রিয় রাজনীতি করা ত্যাগী নেতা-কর্মীরা স্থান পায়নি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. ফিরোজ সিকদার বলেন, আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। অথচ কিছু কিছু নেতার অগঠনতান্ত্রিক মনোভাব, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির কারণে সংগঠনটিতে কালিমালিপ্ত হচ্ছে। ২০১৯ সালের ২৩ নভেম্বর কলাপাড়া পৌর শহর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে বর্তমান পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার সভাপতি ও দিদার উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তখনই ওই দুই নেতাকে পূর্ণাঙ্গ কমিটি করার দায়িত্ব দেওয়া হয়। ৪ জানুয়ারি কলাপাড়া পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। পৌরসভা নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ মেয়র পদের তালিকা প্রস্তুত করে কেন্দ্রে পাঠানোর জন্য ৬ জানুয়ারি ‘তৃণমূল কাউন্সিল’ সভা করেছে।
সংবাদ সম্মেলনে ফিরোজ সিকদার অগঠনতান্ত্রিকভাবে তৃণমূলের সভা আয়োজনের অভিযোগ করে বলেন, ‘তৃণমূলের সভার মুহূর্তে কলাপাড়া পৌর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি আমরা দেখতে পাই। ওই কমিটিতে সভাপতি বিপুল চন্দ্র হাওলাদারের ভাই, অন্যান্য ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানসহ পছন্দমতো লোকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ পৌর আওয়ামী লীগের কমিটিতে পৌরসভায় সক্রিয় রাজনীতি করা ত্যাগী নেতা-কর্মীরা স্থান পায়নি। আমি কলাপাড়া পৌর আওয়ামী লীগের বিগত দুটি কমিটিতে থাকলেও বর্তমান কমিটিতে সদস্য পদও পাই নাই।’
আওয়ামী লীগ নেতা ফিরোজ সিকদার তৃণমূলের ভোট বর্জনের কারণ উল্লেখ করে বলেন, ‘দলীয় বিধানের কারণে মেয়র পদে প্রার্থী হিসেবে আমি উপজেলা আওয়ামী লীগ আহূত স্থানীয় “তৃণমূল সভা”য় দলীয় ফরম পূরণ করে অংশ নিয়েছিলাম। দুঃখজনক হলেও সত্য, কলাপাড়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল সভার সময় দাখিল করা কমিটিতে পৌর আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের পছন্দমতো লোকজনকে দেখে হতবাক হই। তা ছাড়া যাঁরা তৃণমূল সভার কাউন্সিলর হিসেবে ভোট দিয়েছেন, তাঁরা কালোটাকার বিনিময়ে প্রভাবিত হয়েছেন। এসব কারণে তৃণমূল সভায় প্রার্থী হয়ে সুবিচার পাব না বলেই আমি তৃণমূল সভার তামাসার ভোট বর্জন করেছি। কেন্দ্রের কাছে এসব অনিয়ম নিয়ে অভিযোগ করব।’
মো. ফিরোজ সিকদার এক প্রশ্নের উত্তরে বলেন, গঠনতন্ত্র না মেনে কলাপাড়া পৌর শহর আওয়ামী লীগের কমিটিতে নয়জনকে বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাঁরা কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে কলাপাড়া পৌর শহর আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মো. আশরাফ আলী, সাবেক শ্রমবিষয়ক সম্পাদক বি এম খালেক খান, সাবেক সদস্য মো. নাসির উদ্দিন খালাসী, কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুস ছালাম বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
কমিটি গঠনে অনিয়ম এবং তৃণমূলের ভোটারদের প্রভাবিত করার অভিযোগ সম্পর্কে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার প্রথম আলোকে বলেন, ‘পৌর শহর আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে ভুল ত্রুটি থাকতে পারে। তবে তা আমাদের জানা নেই। ফিরোজ সিকদার যে অভিযোগ করেছে, হয়তো তার কাছে তা সঠিক মনে হতে পারে, আমাদের কাছে তা সঠিক নয়। ফিরোজ সিকদার তৃণমূল সভা বর্জন করেছে, তবে এটা ঠিক হয়নি।’