টাকা দিয়েও পণ্য না পেয়ে চট্টগ্রামে ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা
টাকা দিয়েও পণ্য না পাওয়ায় চট্টগ্রামে ই-কমার্স প্রতিষ্ঠান এসবিএনের চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে নালিশি মামলা হয়েছে। সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করেন নগরের কোতোয়ালির বাসিন্দা শাহাব উদ্দিন।
যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে তাঁরা হলেন, এসবিএনের চেয়ারম্যান সুশান্ত নাথ, ব্যবস্থাপনা পরিচালক সুকান্ত তপু, পরিচালক কানা দেবী ও তাঁদের সহযোগী বেলায়েত হোসেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান প্রথম আলোকে বলেন, আদালত অভিযোগটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, এসবিএন থেকে ফার্মাসিটিক্যাল পণ্য কেনার জন্য গত বছরের ১ আগস্ট থেকে বিভিন্ন সময়ে নিজে ও বন্ধুবান্ধবের কাছ থেকে নিয়ে ১৮ লাখ ৪২ হাজার টাকা দেন বাদী। কিন্তু এখনো কোনো পণ্য পাননি। টাকার বিপরীতে কিছু লভ্যাংশ দেওয়ার কথা বললেও তা দেওয়া হয়নি। পরে টাকা ফেরত চেয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মামলায় জড়ানোর হুমকি দেন। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা করতে গেলে তাঁরা আদালতে মামলা করার পরামর্শ দেন।