টাকা নিয়ে পদ দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল জেলার মানচিত্র

বরিশালের উজিরপুর উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের তিন নেতার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও উৎকোচ নিয়ে ইউনিয়ন কমিটিতে পদ দেওয়ার অভিযোগ পাওয়া গছে। এ ঘটনায় ভুক্তভোগী নেতারা বরিশাল জেলা কমিটির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের সত্যতা পাওয়ায় বরিশাল জেলা কমিটি উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, সদস্যসচিব ও যুগ্ম আহ্বায়ককে অব্যাহতি দিয়েছে।

দলীয় নেতা-কর্মী, ভুক্তভোগীরা জানান, স্বেচ্ছাসেবক লীগের উজিরপুর উপজেলা শাখার সম্মেলন আয়োজনের জন্য গত মার্চে আনোয়ার হোসেনকে আহ্বায়ক, রবিউল ইসলামকে যুগ্ম আহ্বায়ক ও এম বি এম মিজানুর রহমানকে সদস্যসচিব করে একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির নেতারা অনধিকারচর্চা, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে উপজেলায় সাতটি ইউনিয়নে কমিটি গঠন করেছেন বলে অভিযোগ ওঠে। পরে বিতর্কের মুখে দুটি ইউনিয়নের কমিটি স্থগিত করা হয়।

স্বেচ্ছাসেবক লীগের উপজেলা পর্যায়ের কয়েকজন নেতা-কর্মী অভিযোগ করেন, সম্মেলন প্রস্তুতি কমিটির নেতাদের ইউনিয়ন কমিটি গঠন করে তা অনুমোদন দেওয়ার এখতিয়ার নেই। এর পরও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম বিভিন্ন ইউনিয়নে কমিটি গঠনের নামে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এমনকি টাকার বিনিময়ে কোনো কোনো ইউনিয়নে মাদক ব্যবসায়ীদের কমিটিতে সভাপতি ও সম্পাদক পদ দিয়েছেন।

স্বেচ্ছাসেবক লীগের জল্লা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক অরজিৎ বাড়ৈ অভিযোগ করে বলেন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন ও যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম তাঁকে সভাপতি পদ দেওয়ার জন্য ৫০ হাজার টাকা দাবি করেন। তিনি তাঁদের ৩০ হাজার টাকা পরিশোধ করেছেন, কিন্তু বাকি ২০ হাজার টাকা দিতে না পারায় তাঁকে সভাপতি পদ না দিয়ে সাধারণ সম্পাদক পদ দিয়েছেন। অন্যজনের কাছে সভাপতি পদটি ৫০ হাজার টাকায় বিক্রি করেছেন। তিনি বিষয়টি নিয়ে বরিশাল জেলা কমিটির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতা অভিযোগ করেন, আনোয়ার হোসেন ও রবিউল ইসলাম ৫০ হাজার টাকার বিনিময়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় কর্মরত চাকরীজীবী রকিবুল ইসলামকে গুঠিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক করেছেন। বিষয়টি তাঁরা বরিশাল জেলা কমিটির কাছে লিখিতভাবে জানিয়েছেন।

উজিরপুর উপজেলা সদরের নেতা ভূদেব চন্দ্র হালদার বলেন, আনোয়ার হোসেন ও রবিউল ইসলামের বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদ করায় গত ২৫ জুন দুজনে তাঁকে ডেকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে কিল–ঘুষি ও লাথি মেরে শারীরিকভাবে নির্যাতন করেন।

উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম ও সদস্যসচিব এম বি এম মিজানুর রহমানকে উপজেলা সম্মেলন করার দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু কোনো ইউনিয়ন কমিটি অনুমোদন দেওয়ার ক্ষমতা প্রদান করা হয়নি। সম্মেলন প্রস্তুতি কমিটির নেতারা অনিয়ম, দুর্নীতি ও অর্থের বিনিময়ে পদ–পদবি দিয়ে সাতটি ইউনিয়ন কমিটি করে তা অনুমোদনের জন্য তাঁর কাছে পাঠান, কিন্তু গুরুতর অভিযোগ থাকায় তিনি অনুমোদন দেননি।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, অনিয়ম, দুর্নীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ সঠিক নয়। অব্যাহতির সঙ্গে অভিযোগের কোনো সম্পর্ক নেই।

অভিযোগ অস্বীকার করে সদস্যসচিব মিজানুর রহমান বলেন, 'কারও পাপ কেউ ঘাড়ে নিতে চায় না। আমি নির্দোষ ও সৎ। অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে আমার নাম আসায় আমি ও আমার পরিবার মর্মাহত।’

বরিশাল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শহিদুল আলম প্রথম আলোকে বলেন, মাঠপর্যায় থেকে আর্থিক লেনদেনসহ বিভিন্ন লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্মেলন প্রস্তুতি কমিটির তিন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সম্মেলন প্রস্তুতি কমিটি যে সাতটি ইউনিয়ন কমিটি করেছে, তা যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।