‘টাকা পড়ে গেছে’ শুনে নিচু হতেই লাখ টাকা চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোর।
প্রতীকী ছবি

নওগাঁয় ব্যাংকে টাকা জমা দিতে আসা এক গ্রাহকের ১ লাখ ৩১ হাজার টাকা চুরি হয়েছে। ব্যাংকের সিসি ক্যামেরা ফুটেজে চুরির এই ঘটনা ধরা পড়েছে। মুখে মাস্ক পরা এক ব্যক্তি অভিনব কৌশলে ওই গ্রাহকের টাকা নিয়ে যান। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ শহরের হোটেলপট্টি সোনালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই গ্রাহকের নাম নাছরিন আক্তার। তিনি নওগাঁ পৌরসভার চকদেব ডাক্তারপাড়া এলাকার বাসিন্দা।  

নাছরিন আক্তারের ভাষ্য, আজ বেলা সাড়ে ১১টায় চাচাকে সঙ্গে নিয়ে তিনি তাঁর ব্যাংক হিসাবে ১ লাখ ৩১ হাজার টাকা জমা দিতে যান। ব্যাংকে গিয়ে রসিদ পূরণ করার পর টাকাগুলো জমা দেওয়ার জন্য কাউন্টারের সামনে যান। এ সময় ব্যাংকে অনেক ভিড় ছিল। একপর্যায়ে তিনি টাকাগুলো কাউন্টারের ভেতরে কর্মকর্তাকে দেওয়ার জন্য রাখেন। এ সময় পাশে থাকা এক ব্যক্তি তাঁকে বলেন, তাঁর টাকা পড়ে গেছে এবং পায়ের কাছে কিছু টাকা পড়ে আছে। তিনি ও তাঁর চাচা সেই টাকা তুলতে মাথা নিচু করলে এই সুযোগে কাউন্টারের ওপরে রাখা টাকা ১ লাখ ৩১ হাজার টাকা নিয়ে ওই ব্যক্তি উধাও হয়ে যান। পরে বিষয়টি ব্যাংকের ব্যবস্থাপককে জানান তিনি।

ব্যাংকটির ওই শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, ‘ওই গ্রাহক টাকা চুরির বিষয়টি আমাদের জানানোর পর আমরা ব্যাংকের সিসি ক্যামেরা ফুটেজ দেখেছি। ফুটেজে ওই গ্রাহকের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ফুটেজে দেখা গেছে, একটি কাপড়ের ব্যাগ নিয়ে শার্ট পরা এক ব্যক্তি ওই গ্রাহকের পাশে দাঁড়িয়ে ছিলেন। লোকটির মুখে মাস্ক ছিল। মাস্ক পরে থাকায় লোকটির মুখ ভালোভাবে বোঝা যাচ্ছে না।’

এই ব্যাংক কর্মকর্তা বলেন, ফুটেজে দেখা যাচ্ছে যে লোকটি নিজেই টাকা ফেলে দিয়ে ওই গ্রাহককে সেই টাকার বিষয়টি জানান। এ সময় ওই নারী গ্রাহক টাকা তুলতে মাথা নিচু করলে তৎক্ষণাৎ লোকটি বাম হাত দিয়ে কাউন্টারের সামনে রাখা টাকাগুলো নিয়ে তাঁর ব্যাগে তুলে ব্যাংক থেকে বের হয়ে যান।

নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) রাজিবুল ইসলাম বলেন, এখন পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।