‘টাকাপয়সা কিচ্ছু চাই না, আমার জাদুরে ফিরায় দাও’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে তিন তরুণ নিখোঁজের ঘটনায় উদ্বেগ–উৎকণ্ঠায় তাঁদের স্বজনেরা। নিখোঁজ নাজমুলের মা রেখা বেগম
ছবি: প্রবীর কান্তি বালা

দালালের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালিতে যাওয়ার পথে নিখোঁজ হন ফরিদপুরের নগরকান্দার কাইচাইল ইউনিয়নের তিন তরুণ। নিখোঁজ ওই তিন তরুণের সন্ধান পেতে উদ্‌গ্রীব পরিবারের সদস্যরা। তাঁরা আদৌ বেঁচে আছেন, নাকি নৌকাডুবিতে মারা গেছেন, তা নিয়ে উদ্বেগ–উৎকণ্ঠায় দিন পার করছেন তাঁদের স্বজনেরা। নিখোঁজ তরুণদের ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তাঁরা। গত রোববার ওই তিন তরুণের বাড়িতে গেলে নিখোঁজ তরুণদের স্বজনেরা এ দাবি জানান।

নিখোঁজ ওই তিন তরুণ হলেন নগরকান্দার বাবুর কাইচাইল গ্রামের ফারুক মাতুব্বরের ছেলে ফয়সাল মাতুব্বর (১৯), মাজেদ মিয়ার ছেলে নাজমুল মিয়া (২২) ও দক্ষিণ কাইচাইল গ্রামের ইউনুস শেখের ছেলে সামিউল শেখ (২১)। গত ২৭ জানুয়ারি লিবিয়ার ত্রিপলি শহর থেকে ইতালিতে যাওয়ার পথে নৌকা দিয়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় তাঁরা নিখোঁজ হন। ওই দিনের পর পরিবারের সঙ্গে তাঁদের কোনো যোগাযোগ নেই।

দক্ষিণ কাইচাইল গ্রামের ইউনুস শেখ (৫৭) ও সালমা বেগমের (৪৯) ছেলে সামিউল। দুই ভাই ও দুই বোনের মধ্যে সামিউল তৃতীয়। তিনি নগরকান্দা সরকারি মহাবিদ্যালয়ের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষার আগেই বিদেশে পাড়ি দেন সামিউল।

সামিউলের মা সালমা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমার বাজানের সাথে শেষ কথা হইছে ২৭ জানুয়ারি রাত ১০টায়। আমার বাজান আমারে কইল, “মা, সাগরপাড়ে আইসা আমার কেমন কেমন যেন লাগতেছে, আমার জন্য দোয়া কইরো। ওরা এখনই আমার ফোন নিয়া যাবে আর কবে কথা হয় জানি না। বাঁইচা থাকলে কথা হবে।”’ তিনি বলেন, ‘এরপর বাজানের সাথে আর কথা হয় নাই। জানি না, ও কোথায় আছে, বাঁইচা আছে না ডুইবা গেছে। দালালেরা আমাগো মোবাইল ধরে না। আমরা টাকাপয়সা কিচ্ছু চাই না। আমার জাদুরে আমার কাছে ফিরায় দাও।’

নিখোঁজ সামিউলের বাবা ইউনুস শেখ ও মা সালমা বেগম
ছবি: প্রবীর কান্তি বালা

সামিউলের নানি সুফিয়া বেগম (৭৫) বলেন, ‘আমার নাতিরে আমি ফেরত চাই। সরকারের কাছে দাবি জানাই, আমার নাতিরে খুঁইজা বাইর কইরা দাও।’ সামিউলের বাবা ইউনুস শেখ বলেন, ‘২৭ জানুয়ারির পর দেশ–বিদেশের কোনো দালাল আমাদের সাথে কথা বলে নাই। তবে গত শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে দালাল শওকত মাতুব্বর লিবিয়া থেকে ইমোতে ভয়েস মেসেজ দিয়ে শুধু বলেছে, “আপনার ছেলে বেঁচে আছে।”’

বাবুর কাইচাইল গ্রামের মাজেদ মিয়া (৫৮) ও রেখা বেগম (৫৫) দম্পতির দ্বিতীয় ছেলে নাজমুল (২২)। নাজমুলের মা রেখা বেগম হৃদ্‌রোগে আক্রান্ত। ছেলের নিখোঁজ হওয়ার খবরে দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন তিনি। ‘আমার ছেলেকে ফেরত চাই,’ এতটুকু বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি। নাজমুলের বড় ভাই সম্রাট প্রথম আলোকে বলেন, ‘নাজমুল আমাকে সর্বশেষ ২৭ তারিখ ফোন দিয়ে বলেছে, “ভাইয়া, ভাগ্যে কী আছে জানি না।” এরপর তার সঙ্গে আর কথা হয়নি।’

কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক মাতুব্বরের ছেলে ফয়সাল (১৯)। মা মনোয়ারা বেগম (৫৮) গৃহিণী। চার ভাইয়ের মধ্যে ফয়সাল মেজ। ছেলের চিন্তায় মা মনোয়ারা ২ ফেব্রুয়ারি থেকে শয্যাশায়ী। ঘরের একটি খাটে শোয়া অবস্থায় তাঁর স্যালাইন চলতে দেখা গেছে। ‘আমার টাকাপয়সার দরকার নাই। আমার সোনারে আমার কাছে ফিরায় দাও,’ এ কথা বলেই কান্নায় ভেঙে পড়েন মনোয়ারা।

নিখোঁজ ওই তিন তরুণের পরিবারের সূত্রে জানা গেছে, গত বছরের ১৪ নভেম্বর সমুদ্র পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার জন্য ছোট নাওডুবি গ্রামের হান্নান মাতুব্বরের ছেলে শাহিন মাতুব্বর (৪১) ও মৃত শামসুদ্দিন মাতুব্বরের ছেলে ইলিয়াস মাতুব্বরের (৩৯) সঙ্গে ঢাকায় যান ওই তিন তরুণ। ঢাকার একটি হোটেলে তিন দিন থাকার পর ১৭ নভেম্বর লিবিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১৮ নভেম্বর তাঁরা লিবিয়া পৌঁছান। সেখান থেকে প্রায় সোয়া দুই মাস পর ২৭ ডিসেম্বর ইতালিতে যাওয়ার উদ্দেশ্যে নৌকায় রওনা দেন। লিবিয়া হয়ে ইতালিতে পাঠাতে দুই দালাল তাঁদের প্রত্যেকের বাড়ি থেকে ৭ লাখ ৬০ হাজার টাকা নেন।

নাজমুল লিবিয়ায় থাকতে বিভিন্ন সময়ে আমাদের ফোনে জানিয়েছে, তাদের একটি আবদ্ধ কক্ষের মধ্যে রাখা হয়েছে। দালাল চক্র ভয়ভীতি দেখিয়ে বলেছে, “বাইরে যুদ্ধ হচ্ছে। আমাদের মালিকের সাতটি পিস্তল আছে। তোমরা বাইরে বের হলে তোমাদের গুলি খাওয়ার আশঙ্কা আছে। তাই তোমাদের কক্ষের মধ্যেই থাকতে হবে।”’ তিনি বলেন, গ্রামের ওই তিন তরুণ ছাড়াও ওই কক্ষে আরও সাত–আটজন ছিলেন। প্রায় সোয়া দুই মাস তাঁদের ওই কক্ষে রাখা হয়েছে।
জনি মিয়া, নিখোঁজ নাজমুলের বন্ধু

দালাল চক্রের দুই সদস্য লিবিয়ায় থাকেন। তাঁরা হলেন একই গ্রামের (ছোট নাওডুবি) মৃত শামছুদ্দিন মাতুব্বরের ছেলে শওকত মাতুব্বর (২৫) ও চানু মাতুব্বরের ছেলে রাসেল মাতুব্বর (৩৫)। ছোট নাওডুবি গ্রামের বাসিন্দাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, তাঁরা চার বছর ধরে লিবিয়ায় আছেন। চার বছরে তাঁরা একই পদ্ধতিতে স্থানীয় দুই তরুণসহ আট–নয়জনকে ইতালিতে পাঠিয়েছেন।

নিখোঁজ নাজমুলের বন্ধু জনি মিয়া (২১) বলেন, ‘নাজমুল লিবিয়ায় থাকতে বিভিন্ন সময়ে আমাদের ফোনে জানিয়েছে, তাদের একটি আবদ্ধ কক্ষের মধ্যে রাখা হয়েছে। দালাল চক্র ভয়ভীতি দেখিয়ে বলেছে, “বাইরে যুদ্ধ হচ্ছে। আমাদের মালিকের সাতটি পিস্তল আছে। তোমরা বাইরে বের হলে তোমাদের গুলি খাওয়ার আশঙ্কা আছে। তাই তোমাদের কক্ষের মধ্যেই থাকতে হবে।”’ তিনি বলেন, গ্রামের ওই তিন তরুণ ছাড়াও ওই কক্ষে আরও সাত–আটজন ছিলেন। প্রায় সোয়া দুই মাস তাঁদের ওই কক্ষে রাখা হয়েছে। পরে গত ২৭ জানুয়ারি তাঁদের ইতালিতে নিতে ভূমধ্যসাগরের পাড়ে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন

রোববার দুপুরে নাওডুবি গ্রামের বাসিন্দা ও লিবিয়ায় অবস্থানকারী দালাল রাসেলের বাড়িতে গিয়ে দেখা গেছে, বাড়িতে তিনটি ঘর। প্রতিটি ঘর তালাবদ্ধ। এলাকাবাসী জানান, গত ২৯ জানুয়ারি ভোরে তাঁরা একটি ট্রাক ও নছিমনে করে ঘরের সোফা, গ্যাস সিলিন্ডার, আলনাসহ আসবাব ও চারটি গরু নিয়ে পালিয়ে গেছেন। একই গ্রামের স্থানীয় দালাল শাহিন মাতুব্বরের বাড়িতে গিয়ে দেখা গেছে, তাঁর দোতলা বাড়িটি বাইরে থেকে তালা দেওয়া।

এ ঘটনায় নিখোঁজ ফয়সালের বাবা ফারুক মাতুব্বর বাদী হয়ে শনিবার ১০ জনকে আসামি করে মানব পাচার আইনে একটি মামলা করেন। পুলিশ মামলার দুই আসামি হান্নান মাতুব্বর ও তাঁর ছেলে তুহিন মাতুব্বরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক পীযূষ কান্তি দে বলেন, গতকাল সোমবার গ্রেপ্তার ওই দুই আসামির সাত দিন করে রিমান্ড চাওয়া হয়েছে।

আরও পড়ুন