ঠিকাদার ও বিভিন্ন সংস্থার পাওনা প্রায় ১৮২ কোটি টাকা। দেনা যে হারে বাড়ছে, সে অনুযায়ী আয় বাড়েনি। উল্টো গত চার অর্থবছরে আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি চট্টগ্রাম সিটি করপোরেশন। টাকার অভাবে এখন জোড়াতালি দিয়ে চলছে করপোরেশনের উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের কাজ।
গত ২৩ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশনের নিরীক্ষা ও হিসাব স্ট্যান্ডিং কমিটির সভার তথ্য অনুযায়ী, করপোরেশনের কাছে শুধু ঠিকাদারেরাই পাবেন ১১৬ কোটি ৭৩ লাখ টাকা। করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন প্রথম আলোকে জানান, সর্বশেষ হিসাব অনুযায়ী মে মাস পর্যন্ত করপোরেশনের কাছে ঠিকাদার ও বিভিন্ন সংস্থার পাওনা প্রায় ১৮২ কোটি টাকা।
করপোরেশনের প্রকৌশলী ও ঠিকাদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিপুল পরিমাণ অর্থ বকেয়া থাকায় উন্নয়নকাজে আগ্রহ হারিয়ে ফেলছেন ঠিকাদারেরা। এতে করপোরেশনের অনেক গুরুত্বপূর্ণ ভবন ও প্রকল্পের নির্মাণকাজ চলছে ধীর গতিতে। সিটি নির্বাচনের আগে বন্ধ হয়ে যাওয়া খাল ও নালা-নর্দমার খননকাজ নতুন মেয়রের নির্দেশে গত ২৯ মে থেকে শুরু হয়।
টাকার অভাবে সিটি করপোরেশনের পরিচালিত কদম মোবারক সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়, গোসাইলডাঙ্গা কে বি এ এইচ দোভাষ বালিকা উচ্চবিদ্যালয়, অপর্ণাচরণ বালিকা উচ্চবিদ্যালয়, বাগমনিরাম সিরাজা খাতুন উচ্চবিদ্যালয়, আগ্রাবাদ সিটি করপোরেশন কিন্ডারগার্টেনের নির্মাণ ও সংস্কারকাজও থমকে আছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষাকার্যক্রম। ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের।
কদম মোবারক সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান ও গোসাইলডাঙ্গা কে বি এ এইচ দোভাষ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম প্রথম আলোকে জানান, করপোরেশন টাকা না দেওয়ায় ঠিকাদারেরা প্রায় ছয় মাস কাজ বন্ধ রেখেছেন। ফলে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে।
মো. মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘গত বছরের ৩ সেপ্টেম্বর বিদ্যালয় ভবনের নির্মাণকাজ শুরু হয়। ছয় মাসের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও কবে তা শেষ হবে একমাত্র আল্লাহ জানেন।’ তিনি জানান, বিদ্যালয়ে নির্মাণকাজ চলায় শিক্ষার্থীদের ক্লাস হচ্ছে পাশের গুল-এজার বেগম সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ে। সকালের পালায় কদম মোবারকের এবং বিকেলের পালায় গুল-এজার বেগম সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস হয়।
অন্যদিকে গোসাইলডাঙ্গা কে বি এ এইচ দোভাষ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস করেন পাশের বারিক মিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে। দোভাষ বিদ্যালয়ের নির্মাণকাজ শুরু হয় গত বছরের ১৩ নভেম্বর। মে মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত প্রথম তলার ছাদ ঢালাই হয়েছে বলে জানান প্রধান শিক্ষক আবদুস সালাম।
জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, বিভিন্ন কারণে ঠিকাদারেরা ঠিকভাবে কাজ করছেন না। এ জন্য নির্মাণাধীন কয়েকটি বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চলছে অন্য বিদ্যালয়ে।
সিটি করপোরেশনের তালিকাভুক্ত ঠিকাদার মো. সালাহউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘করপোরেশনের কাছে এক কোটি টাকা পাব। কিন্তু গত মার্চ থেকে এক টাকাও পরিশোধ করেনি।’
নগরের সিরাজদৌল্লা সড়কের ওপর কালভার্ট নির্মাণের কার্যাদেশ পেয়েছেন ঠিকাদার আতিক উল্লাহ চৌধুরী। তিনি জানান, টাকা না থাকায় বিটুমিন কিনতে পারছেন না। এ কারণে ধীর গতিতে কালভার্ট নির্মাণের কাজ করতে হচ্ছে।
এ বিষয়ে করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা ও উন্নয়ন) মুনিরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘দেরিতে বিল পাওয়ায় ঠিকাদারেরা সাধারণ তহবিলের আওতাধীন প্রকল্পের কাজ করতে চান না। ডেকে ডেকে কাজ করাতে হয়।’
সিটি করপোরেশন সূত্র জানায়, গত অর্থবছরে (২০১৩-১৪) আয় ধরা হয়েছিল ১ হাজার ১০৬ কোটি টাকা। কিন্তু বছর শেষে লক্ষ্যমাত্রার অর্ধেকের কম ৪৯৮ কোটি ৩৫ লাখ টাকা আয় হয়। ২০১২-১৩ অর্থবছরে ৯৬০ কোটি টাকার লক্ষ্যমাত্রা ধরা হলেও আয় হয় ৪২৫ কোটি টাকা। ২০১১-১২ অর্থবছরে ৯১৫ কোটি টাকার বিপরীতে আয় হয়েছে ৩৬০ কোটি টাকা। ২০১০-১১ অর্থবছরে ৭৪১ কোটি টাকার বিপরীতে আয় হয় ৩২৫ কোটি টাকা।
চলতি অর্থবছরে (২০১৪-২০১৫) ১ হাজার ১৯৫ কোটি টাকা আয় ধরা হলেও গত মার্চ পর্যন্ত মাত্র ২২৭ কোটি ৬৫ লাখ টাকা আয় হয়েছে বলে করপোরেশনের হিসাব বিভাগের কর্মকর্তারা জানান।
করপোরেশনের বিদায়ী মেয়র মোহাম্মদ মনজুর আলমের চার বছর আট মাস দায়িত্ব পালনের সময় মোট ১৮২ কোটি টাকা দেনা হয়েছে বলে হিসাব বিভাগের কর্মকর্তারা জানান। তবে তাঁর আমলে প্রায় ৯০০ কোটি টাকার উন্নয়নকাজ হয়েছে বলে দাবি করেন তিনি। সরকারের কাছ থেকে চার অর্থবছরে (২০১০-১১ থেকে ২০১৩-১৪) তিনি উন্নয়ন অনুদান পেয়েছেন ৩৭৯ কোটি টাকা। এর আগের চার অর্থবছরের (২০০৬-০৭ থেকে ২০০৯-১০) সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী উন্নয়ন অনুদান পান ২৩৯ কোটি টাকা।
২০১০ সালের জুলাইয়ে দায়িত্ব নেওয়ার সময় করপোরেশনের প্রায় দেড় শ কোটি টাকা দেনা ছিল বলে জানান মনজুর আলম। তিনি প্রথম আলোকে বলেন, ‘করপোরেশনের বকেয়া পরিশোধ একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমি দায়িত্ব নেওয়ার সময় ঠিকাদারদের পাওনা ছিল প্রায় দেড় শ কোটি টাকা। এর মধ্যে প্রায় ১৩৮ কোটি টাকা পরিশোধ করেছি।’