টাকার অভাবে কেনা হচ্ছিল না পাঠ্যবই, ব্যবস্থা করলেন ইউএনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ জেলার মানচিত্র

সুনামগঞ্জের ধর্মপাশায় টাকার অভাবে পাঠ্যবই কিনতে না পারা এক মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান। তাজরীন আক্তার নামের ওই শিক্ষার্থীর জন্য একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যবই কিনে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি।

তাজরীন আক্তার সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জনতা মডেল উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ–৫ পেয়ে উত্তীর্ণ হয়। তার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের মহদীপুর গ্রামে। এর আগে ২০১৮ সালের জেএসসি ও ২০১৫ সালের পিইসি পরীক্ষায়ও সে জিপিএ–৫ পেয়েছিল।

তাজরীনের বাবা আবদুল ওয়াদুদ পেশায় দিনমজুর, মা মনোয়ার বেগম গৃহিণী। পাঁচ সদস্যের সংসার কোনোরকমে দুবেলা খেয়ে না খেয়ে চলছে। টাকার অভাবে তাজরীনের জন্য একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যবই কিনে দিতে পারছিলেন না তার মা–বাবা। খবর পেয়ে নিজের টাকায় পাঠ্যবই কিনে আজ রোববার দুপুরে লোক পাঠিয়ে তাজরীনদের বাড়িতে পৌঁছে দিয়েছেন ইউএনও।

বই পেয়ে তাজরীন আক্তারের মা মনোয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘টাকার অভাবে আমরা মেয়ের বই কিইন্যা দিতে পারছিলাম না। ইউএনও স্যার বই কিইন্যা দিয়া আমরার মেয়ের পাশে দাঁড়াইছইন। এই ঋণ আমরা কোনো দিন শোধ করতাম হারতাম না।’

ইউএনও মো. মুনতাসির হাসান প্রথম আলোকে বলেন, স্থানীয় এক গণমাধ্যমকর্মীর কাছ থেকে টাকার অভাবে এই মেধাবী শিক্ষার্থীর বই কিনতে না পারার বিষয়টি তিনি জানতে পারেন। কোনো প্রচার বা বাহবা পাওয়ার জন্য নয়, বিবেকের তাগিদে ওই শিক্ষার্থীকে একাদশ ও দ্বাদশ শ্রেণির বই কিনে দিয়ে তার পাশে দাঁড়িয়েছেন।