টাকার বিনিময়ে ইভিএমে ভোট কারচুপির অভিযোগ পরাজিত দুই প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউপি নির্বাচন
প্রতীকী ছবি

ষষ্ঠ ধাপে গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ১০ দিন পর রটার্নিং ও প্রিসাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে বিজয়ী প্রার্থীর কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে ইভিএমে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন দিনাজপুর সদর উপজেলার দুই পরাজিত চেয়ারম্যান প্রার্থী।

গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে তাঁরা লিখিত অভিযোগ দেন। তবে এ বিষয়ে সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তা জায়েদ ইবনে ফজল প্রথম আলোকে বলেন, পরাজিত প্রার্থীদের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় নির্বাচনের ১০ দিন পর উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁরা এ ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। ইভিএমে ভোট কারচুপির কোনো সুযোগ নেই।

সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী (আনারস) আরিফ আলী তালুকদার ও আস্করপুর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মোশাররফ হোসেন প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ইভিএমে ভোট কারচুপির অভিযোগ করেছেন। এর মধ্যে আরিফ আলী তালুকদার সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য। তিনি নির্বাচনে ৫ হাজার ১১৭ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। সেখানে ৬ হাজার ৬৯১ ভোট পেয়ে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোমিনুল ইসলাম। অন্যদিকে মোশাররফ হোসেন সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি ৫ হাজার ৪৯৩ ভোট পেয়ে দ্বিতীয় হন। সেখানে ৮ হাজার ১২২ ভোট পেয়ে আস্করপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক (মোটরসাইকেল) জয়ী হয়েছেন।

আরিফ আলী তালুকদার অভিযোগে বলেন, নির্বাচনে তাঁর মাঠ ভালো ছিল। সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও কয়েকজন প্রিসাইডিং কর্মকর্তা নৌকা প্রতীকের প্রার্থীর কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়ার মাধ্যমে সিন্ডিকেট গড়ে তোলেন। তিনি কয়েকটি ভোটকেন্দ্রের নাম উল্লেখ করে বলেন, এসব কেন্দ্র থেকে তাঁর পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কৌশলে ইভিএমে ভোট কারচুপি করা হয়েছে এবং ভোটের ফলাফল শিট সরবরাহে অস্বীকৃতি জানিয়েছিলেন প্রিসাইডিং কর্মকর্তা।

অন্যদিকে লিখিত অভিযোগে প্রায় একই ধরনের বক্তব্য উপস্থাপন করেন আস্করপুর ইউনিয়নের পরাজিত প্রার্থী মোশাররফ হোসেন। তিনি অভিযোগে বলেন, ভোট ইভিএমে না হয়ে ব্যালটে হলে বিপুল ভোটে জয়ী হতেন তিনি। এখানে টাকার বিনিময়ে বিএনপির প্রার্থীকে জয়ী করা হয়েছে। নৌকার সঙ্গে বেইমানি করার কারণে সদরের নির্বাচন কর্মকর্তা রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন বলে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

পরাজিত দুই চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ পেয়েছি। প্রতিটি নির্বাচনের পর পরাজিত প্রার্থীরা সংক্ষুব্ধ হয়ে এমন অভিযোগ করে থাকেন। ইভিএমে কারচুপির অভিযোগ অগ্রহণযোগ্য। তবে আর্থিক লেনদেনের বিষয়ে উপযুক্ত প্রমাণসহ তদন্ত সাপেক্ষে সত্যতা পাওয়া গেলে উভয় পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শাহিনুর ইসলাম প্রামাণিক, নির্বাচন কর্মকর্তা, দিনাজপুর

আর্থিক লেনদেনের বিষয়ে দুই প্রার্থীর কাছে মুঠোফোনে জানতে চাইলে মোশাররফ হোসেন বলেন, ‘তেমন কোনো প্রমাণ হাতে নেই। তবে সামনাসামনি কথা বলতে চান তিনি। অপর প্রার্থী আরিফ আলী তালুকদার বলেন, ‘অভিযোগ করেছি। কয়েক দিন সময় নিচ্ছি, প্রমাণ দেব।’ তিনি জানান, শুধু তিনি নন, কয়েক দিনের মধ্যে আরও দু-একজন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দেবেন। তবে উভয় প্রার্থীই জানান, ইভিএমের প্রতি তাঁদের কোনো আস্থা নেই।

জেলা নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, রিটার্নিং কর্মকর্তা হিসেবে শেখপুরা ইউনিয়নে জায়েদ ইবনে ফজল ও আস্করপুর ইউনিয়নে আতাউল হক দায়িত্ব পালন করেন। জায়েদ ইবনে ফজল বলেন, যদি অভিযোগই করবেন, তবে এত দিন পর কেন? এসব প্রার্থী কারও দ্বারা প্ররোচিত হয়ে কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করছেন। তাঁদের কাছে কোনো ধরনের প্রমাণ নেই। এসব অভিযোগ ভিত্তিহীন। অভিযোগকারী প্রার্থীরা জানেনই না, সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা হিসেবে কে দায়িত্ব পালন করেছেন?

এ বিষয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক বলেন, ‘পরাজিত দুই চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ পেয়েছি। প্রতিটি নির্বাচনের পর পরাজিত প্রার্থীরা সংক্ষুব্ধ হয়ে এমন অভিযোগ করে থাকেন। ইভিএমে কারচুপির অভিযোগ অগ্রহণযোগ্য। তবে আর্থিক লেনদেনের বিষয়ে যে অভিযোগ দেওয়া হয়েছে, সে বিষয়ে উপযুক্ত প্রমাণসহ তদন্ত সাপেক্ষে যদি সত্যতা পাওয়া যায়, তবে উভয় পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’