টাকার বিনিময়ে কমিটি গঠনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে টাকার বিনিময়ে ‍উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির গঠনের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে আহ্বায়ক কমিটি থেকে ছয়জন সদস্য পদত্যাগ করেছেন।

গতকাল শুক্রবার পদবঞ্চিত নেতা-কর্মীরা এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি করতে চান। পরে পুলিশি বাধায় তাঁদের কর্মসূচি পণ্ড হয়ে যায়। এদিকে উপজেলা সদর ইউনিয়নে গতকাল শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়।

দলীয় কর্মীরা বলেন, ২৪ সেপ্টেম্বর জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান ৩১ সদস্যবিশিষ্ট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। কমিটিতে লিয়াকত আলীকে আহ্বায়ক ও এ কে এম মুছাকে সদস্যসচিব করা হয়। কমিটিতে এই আসনের বিএনপির সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ খালেককে সদস্য ১ ও মেহেদী হাসানকে সদস্য ২ করা হয়। উপজেলায় বিএনপির রাজনীতি নিয়ে খালেক ও মেহেদীর মধ্যে বিরোধ আছে। গত জাতীয় সংসদ নির্বাচনে দুজনই বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। মনোনয়ন পেয়েছিলেন খালেক।

পদবঞ্চিত নেতা-কর্মীরা বলেন, জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান ও আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা কবীর আহম্মেদ ভূঁইয়া টাকার বিনিময়ে ২৪ সেপ্টেম্বর এ কমিটি করেছেন। কবীর লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথিত সহকারী আবদুর রহমানের বড় ভাই। ৩০ লাখ টাকার বিনিময়ে তাঁরা মেহেদী হাসানের কথামতো এ কমিটি গঠন করেছেন।

এর প্রতিবাদে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যপদ থেকে এম খালেক, জ্যেষ্ঠ সহসভাপতি খ ম ইলিয়াস, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সদস্য আজিজুর রহমান ও পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান পদত্যাগ করেছেন।

মেহেদী হাসান বলেন, যাঁরা কমিটি নিয়ে অভিযোগ করছেন, তাঁরা ১/১১ থেকেই ঢাকায় থাকেন। তাঁদের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

উপজেলা বিএনপি সাবেক সদস্য আবদুর রাজ্জাক বলেন, এ কমিটি গঠনের প্রতিবাদে গতকাল দুপুরে উপজেলার তেজখালী ইউনিয়ন বাঞ্ছারামপুর বাজারে সমাবেশ ও ঝাড়ুমিছিল করার কথা ছিল। কিন্তু সকাল থেকে পুলিশ বাধা দেয়। নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি করেছে ‍পুলিশ। তাই সভা করা যায়নি।

বিএনপির নেতা খালেক বলেন, যাঁরা বিগত বছরগুলোতে দলের বিরুদ্ধে কাজ করেছেন, তাঁদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান বলেন, বিএনপি বড় দল। কমিটি করলেই অভিযোগ ওঠে। এটা স্বাভাবিক। আর টাকা লেনদেনের বিষয়টি ভিত্তিহীন।