টাকার ব্যাগের লোভে পড়ে রিকশাচালক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগার
প্রতীকী ছবি

এক যাত্রী অটোরিকশায় ব্যাগ রেখে টিকিট কাটছিলেন। এই সুযোগে অটোরিকশাচালক ব্যাগসহ পালিয়ে যান। অভিযোগ পেয়ে পুলিশ ভিডিও ফুটেজের সূত্র ধরে ওই অটোরিকশাচালককে আটক করেছে। পুলিশ আজ সোমবার সকালে যাত্রীর খোয়া যাওয়া প্রায় তিন লাখ টাকাসহ ব্যাগটি উদ্ধার করেছে। এ ঘটনায় করা মামলায় রিকশাচালককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ওই অটোরিকশার চালকের নাম মো. আনোয়ার হোসেন (৩২)। তাঁর বাড়ি নগরের মহিষবাথান উত্তরপাড়া রেললাইনের ধারে। যাত্রীর নাম মোক্তাদির আহমেদ (৪৯)।

পুলিশ সূত্রে জানা যায়, মোক্তাদির আহমেদ গতকাল রোববার সকাল সোয়া সাতটার দিকে নগরের রাজপাড়া থানার বহরমপুর মোড় থেকে ভদ্রা যাওয়ার উদ্দেশে একটি অটোরিকশায় ওঠেন। তাঁর কাছে একটি ব্যাগ ছিল। সেই ব্যাগে নগদ ২ লাখ ৯৪ হাজার টাকা, ফোন নম্বর, অফিসের আইডি কার্ড, বাড়ি ও অফিসের তালার চাবি ছিল।

মোক্তাদির সকাল প্রায় সাড়ে সাতটায় ভদ্রা মোড়ে পৌঁছান। এরপর তিনি ব্যাগটা অটোরিকশায় রেখে ভদ্রা বাস কাউন্টারে নেমে টিকিট কাটতে যান। টিকিট নিয়ে ফিরে দেখেন পাশে আর অটোরিকশাটি নেই। আশপাশে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে নগরের বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে রাজশাহী নগরের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিককে ফোন করে টাকাসহ ব্যাগটি উদ্ধারের অনুরোধ জানান। এরপর রাজশাহী নগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের ইনচার্জ জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরী ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করে অটোরিকশাচালককে শনাক্ত করেন।

আজ সকাল ১০টার দিকে বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা ও উত্তম কুমার রায় রাজপাড়া থানার ডিংগাডোবা মোড় থেকে অটোরিকশাচালক আনোয়ার হোসেনকে আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন টাকাসহ ব্যাগ পাওয়ার কথা অস্বীকার করেন। পরে তাঁকে সিসি টিভির ভিডিও ফুটেজ দেখানো হলে তিনি টাকার ব্যাগ পাওয়ার কথা স্বীকার করেন। এরপর রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়া রেললাইনের ধারে আনোয়ার হোসেনের বাড়ি থেকে ২ লাখ ৯৪ হাজার টাকাসহ ব্যাগটি উদ্ধার করা হয়। টাকাগুলো তিনি আলাদা করে কয়েক জায়গায় সরিয়ে রেখেছিলেন।

পুলিশ বলছে, টাকার ব্যাগের মালিক মোক্তাদির আহমেদের ফোন নম্বর ছিল। রিকশাচালক তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করেননি। এতে প্রমাণ হয় চালকের অনৈতিক উদ্দেশ্যে ছিল। এ জন্য তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, অনৈতিকভাবে টাকা রাখার অপরাধে চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে আজ তাঁকে কারাগারে পাঠানো হয়। আদালতের অনুমতি সাপেক্ষে আইনি প্রক্রিয়া অনুসরণ করে ব্যাগের মালিকের টাকা ফেরত দেওয়া হবে।