ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ওপর দিয়ে প্রবাহিত টাঙ্গন নদের ভাঙনে বিলিন হয়ে যাচ্ছে কোষারাণীগঞ্জ ইউনিয়নের বাজারদেহা গ্রাম। কর্তৃপক্ষ দীর্ঘদিনেও কোনো উদ্যোগ না নেওয়ায় টাঙ্গন নদের স্রোত কয়েক বছর থেকেই বাজারদেহা গ্রামে আঘাত হানছে। পূর্ব-দক্ষিণে লম্বালম্বিভাবে প্রায় দেড় কিলোমিটার এলাকা নিয়ে গ্রামের ১৩০-১৪০ ফুট নদের গর্ভে চলে গেছে।
গ্রামবাসী জানান, প্রতিবছর বর্ষাকালে ১২-১৫ ফুট নদের গর্ভে চলে যাচ্ছে। গ্রামের মানুষ সাধ্যমতো তাঁদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু যাঁদের বিকল্প জমি ও আর্থিক সংগতি নেই, তাঁরা ঘরবাড়ি ভাঙার ভয় নিয়ে আঁকড়ে পড়ে রয়েছেন।
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, গ্রামে ৬৫টি বাড়ি রয়েছে। বাজারদেহা গ্রামের দক্ষিণ দিকে আবুল কাশেমের বাড়ি থেকে পূর্বদিকে নানানডাঙ্গি বাঁশবাড়ি পর্যন্ত দেড় কিলোমিটারের বেশি এলাকা নিয়ে কয়েক বছরে ১৩০-১৪০ ফুট মাটি টাঙ্গন নদ গ্রাস করে ফেলেছে। লোকজন জানান, গ্রামের মো. একরাম গত বছর পীরগঞ্জ উপজেলা সদরে চলে গেছেন। মো. ফারাজউদ্দীন তিন বছর আগে ঢাকায় চলে গিয়ে বসবাস করছেন। ওই গ্রামের আতাবূল ইসলাম, পয়গাম আলী, সনাতন রায়, আহাদ আলী ও রমজান আলী তাঁদের বাড়ি গ্রামের পূর্বদিকে সরিয়ে নিয়েছেন। আর গ্রামের মঙ্গলু মোহাম্মদ ও আবুল কাশেম গ্রামের দক্ষিণ প্রান্তে বাড়ি করেছেন। এ ছাড়া জাহাঙ্গীর, আলাউদ্দীন, মজনুসহ আরও আট-নয়জন গ্রাম ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
বাজারদেহা গ্রামের বাসিন্দা জবাইদুর রহমান বলেন, ‘নদটা আমার বাড়ির দেড় শ ফুটের বেশি পশ্চিম দিকে ছিল। ভাঙতে ভাঙতে এখন ৩০ ফুটের কাছে চলে এসেছে। আর এক বর্ষা গেলেই বাড়ির কাছে পানি চলে আসবে, আর্থিক সংগতিও নেই বাড়ি সরিয়ে নেওয়ার, এখন কী করব ভেবে পাচ্ছি না।’
নাকাটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আমিন, বাজারদেহা গ্রামের আহাদ আলী, মারুফ, সাহের আলী ও জবাইদুর রহমান বলেন, ৯-১০ বছর আগে মূল নদ ছিল পশ্চিম দিকে। ২০১৩ সালের আগে গ্রামের বিপরীত দিকে একটি বড় হ্যাচারি গড়ে ওঠে। এ জন্য হ্যাচারির পশ্চিম প্রান্তে টাঙ্গন নদ ভরাট করেছে কর্তৃপক্ষ। তখন থেকে টাঙ্গন নদের পানিপ্রবাহ নদের দক্ষিণ-পূর্ব দিকে বেশি করে আঘাত হানছে এবং নদের ভাঙন অনেক বেড়ে গিয়ে ভাঙনের গতিপথও বদলে গেছে।