টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ১৬ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের প্রতীকী ছবি

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনায় সংক্রমিত ও এই রোগের উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। জেলায় ২৪ ঘণ্টার হিসাবে এতসংখ্যক মৃত্যুর ঘটনা এর আগে নেই। একই সময়ে জেলায় নতুন ২৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া নয়জন, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চারজন ও করোনা ডেডিকেটেড ওয়ার্ডে তিনজন করোনা পজিটিভ ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ১৬ জনের বেশির ভাগ বয়স্ক রোগী ছিলেন। তাঁরা গুরুতর অবস্থা নিয়ে হাসপাতালে আসেন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত হাসপাতালে ৯১ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে করোনা উপসর্গ নিয়ে ৬০ জন ও করোনা পজিটিভ হিসেবে ৩১ জন ভর্তি আছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ৬২৮টি নমুনা পরীক্ষায় টাঙ্গাইলে নতুন ২৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ৯২ শতাংশ। ১৯ দিন ধরে জেলায় শনাক্তের হার ৩২ শতাংশের ওপরে রয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৯৬৪।

টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান বলেন, সবাইকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জ্বর হলে ঘরে থেকে অনলাইনে চিকিৎসা নিতে হবে। অবস্থা খারাপ হলে হাসপাতালে আসতে হবে।

প্রবীণ আইনজীবীর মৃত্যু

করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন টাঙ্গাইল জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি নূরুল ইসলাম। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান তিনি। গত সপ্তাহে তিনি করোনা পজিটিভ হন। এরপর তাঁকে প্রথমে টাঙ্গাইল ও পরে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ঘারিন্দায় জানাজা শেষে তাঁকে দাফন করার কথা।