টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় নতুন করে আরও ১৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ সোমবার হাসপাতাল ও জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।
হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম বলেন, করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে ২০ শয্যার আরও একটি ওয়ার্ড চালু করা হয়েছে। ৫০ শয্যার করোনা ওয়ার্ড গত বছর চালু করা হয়। ৭০ শয্যার দুই ওয়ার্ডে এখন ৭৭ রোগী আছেন। এর মধ্যে ২২ জন করোনায় আক্রান্ত এবং ৫৫ জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ২৪ ঘণ্টায় ৫৫১ জনের নমুনা পরীক্ষায় ১৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ। তাঁদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৯৫, কালিহাতীতে ২০, বাসাইলে ১৪, মধুপুরে ৮, দেলদুয়ার ও ঘাটাইলে ৭ জন করে, ভূঞাপুরে ৫, মির্জাপুরে ৩, সখীপুর ও নাগরপুর উপজেলায় ১ জন করে রয়েছেন। এ নিয়ে আজ সোমবার পর্যন্ত জেলায় করোনা শনাক্তের সংখ্যা ৭ হাজার ১৯৪। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১০৮ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৬৯ জন।