টাঙ্গাইল মহিলা আ.লীগের সভাপতি নাসিমা ও সম্পাদক ফেরদৌসি
নাসিমা বাসেতকে সভাপতি এবং ফেরদৌসি আক্তার ওরফে রুনুকে সাধারণ সম্পাদক করে টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার সম্মেলন শেষে রাতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা।
এর আগে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে অনুষ্ঠিত বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ টাঙ্গাইল জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাক।
প্রধান অতিথির বক্তব্যে আবদুর রাজ্জাক বলেন, ‘দুই বছর পর নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে বিরোধী দল নানা ষড়যন্ত্রে লিপ্ত। তারা নানা ধরনের মিথ্যাচার করছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য রাজনৈতিকভাবে আমাদের প্রস্তুত হতে হবে।’
আবদুর রাজ্জাক আরও বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা মানুষের দুঃখ-কষ্টে সব সময় তাঁদের পাশে ছিলেন। আজ আমরা টিসিবির মাধ্যমে দেশের এক কোটি মানুষকে স্বল্প মূল্যে জিনিসপত্র দিচ্ছি। আমাদের এ ধারা অব্যাহত থাকবে। আমরা খুব সচেতন। প্রয়োজনে আরও খাদ্য ও অন্যান্য সাহায্য নিয়ে আমরা পাশে দাঁড়াব।’
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সাবেক সাংসদ মোনায়ারা বেগমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ সাফিয়া খাতুন।
প্রধান বক্তা ছিলেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান, সাধারণ সম্পাদক ও সাংসদ জোয়াহেরুল ইসলাম, সাংসদ ছানোয়ার হোসেন, সাংসদ তানভীর হাসান প্রমুখ।