টাঙ্গাইল-৭ উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে, ভোটার উপস্থিতি কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোটার উপস্থিতি কম থাকায় অলস সময় কাটাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ সকালে টাঙ্গাইল কটন মিলস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে
ছবি: প্রথম আলো

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। আজ রোববার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। তবে নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বেলা বাড়লে ভোটারদের উপস্থিতিও বাড়বে।

সকাল আটটায় উপজেলা সদরের মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে এ কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম ছিল। প্রায় পৌনে এক ঘণ্টায় এই কেন্দ্রে মাত্র ৩০টি ভোট পড়েছে।

সকাল সাড়ে নয়টার দিকে মির্জাপুরের দেওহাটা আলহাজ জোনাব আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটারদের কোনো লাইন দেখা যায়নি। কিছুটা বিরতি দিয়ে সেখানে ভোটারদের উপস্থিত হতে দেখা গেছে। এদিকে পৌনে ১০টার দিকে গোড়াই ইউনিয়নের টাঙ্গাইল কটন মিলস উচ্চবিদ্যালয় কেন্দ্রেও ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো নয়। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ওই কেন্দ্রে ৮০ জন ভোট দিয়েছেন। ওই কেন্দ্রে মোট ভোটার আছেন ৩ হাজার ২০১ জন।

প্রথমবারের মতো ওই কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট দিয়েছেন মলিনা রানী পাল। তিনি বলেন, ‘আগে কাগজে ভোট দিতাম। এইবার মেশিনে ভোট দিবার অ্যায়া পরথম ভয় করতাছিল। কেমনে কইর‍্যা ভোট দিমু। কিন্তু মেশিনে ভোট দেয়া যে এত সহজ তা জানতাম না।’

আরেক ভোটার কবিতা রানী বলেন, ইভিএমে ভোট দেওয়া খুবই সহজ। এই পদ্ধতিতে ভোট দিতে খুব বেশি সময় লাগে না। আগে ভয় করলেও ভোট দেওয়ার পর সেই ভয় কেটে গেছে।

মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রেও ভোটারদের কোনো লাইন দেখা যায়নি
ছবি: প্রথম আলো

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র মতে, ১২১টি কেন্দ্রে পুরুষ ১ লাখ ৭০ হাজার ৫০১ ও নারী ১ ৬৯ হাজার ৮৭৮ জনসহ মোট ভোটার রয়েছে ৩ লাখ ৪০ হাজার ৩৭৯ জন। এর মধ্যে পাঁচজন হিজড়া ভোটার রয়েছেন।

কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. সুলতান উদ্দিন বলেন, সকালে শীত থাকায় ভোটারদের উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে। প্রথমবারের মতো এখানে ইভিএম পদ্ধতিতে ভোট হওয়ায় ভোটারদের মধ্যে উৎসাহ রয়েছে।