টাঙ্গাইলে এই প্রথম করোনায় আক্রান্ত চিকিৎসক

টাঙ্গাইলে একজন চিকিৎসক করোনাাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি সদর উপজেলার একটি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা। বৃহস্পতিবার দুপুরে শহরের কলেজপাড়া এলাকায় তাঁর ভাড়া বাসাসহ আশপাশের ছয়টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।
এ নিয়ে জেলায় মোট ২৪ জনের দেহে করোনারভাইরাস শনাক্ত হলো। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন মো. ওয়াহিদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রামপদা রায় জানান, ওই চিকিৎসকের মাথাব্যথার পাশাপাশি শরীর কিছুটা দুর্বল হয়ে পড়ে। ফলে মঙ্গলবার তাঁর নমুনা সংগ্রহ করে বুধবার তা ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে। তাতে দেখা যায়, তিনি করোনা 'পজিটিভ'।
জেলায় এই প্রথম কোনো চিকিৎসক এবং সদর উপজেলায় প্রথমবারের মতো কারও দেহে করোনাভাইরাস শনাক্ত হলো জানিয়ে রামপদা রায় বলেন, বৃহস্পতিবার দুপুরে ওই চিকিৎসককে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।