টাঙ্গাইলে এক দিনে সর্বোচ্চ ৩২০ জনের করোনা শনাক্ত
টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে ৩২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ দশমিক ৩৭ শতাংশ। আজ বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত বছরের ৮ এপ্রিল প্রথম টাঙ্গাইলে করোনা রোগী শনাক্ত হন। গত ২৪ ঘণ্টায় ৮৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৩২০ জনের করোনা শনাক্ত হয়। আজ দুপুর পর্যন্ত জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭০৭। জেলায় করোনার আক্রান্তের সঙ্গে সঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এখন পর্যন্ত ১০৮ জনের মৃত্যু হয়েছে। ১৮ দিন ধরে জেলায় শনাক্তের হার ৩২ শতাংশের ওপরে রয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান বলেন, স্বাস্থ্যবিধি মেনে না চলায় করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। করোনা প্রতিরোধে সবাইকে সচেতন এবং স্বাস্থ্যবিধি মনে চলতে হবে।