টাঙ্গাইলে কঠোর বিধিনিষেধ, দোকানপাট ও যানবাহন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঠোর বিধিনিষেধের আওতায় বন্ধ রয়েছে দোকানপাট। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের ব্যস্ততম নিরালা মোড় এলাকায়।
ছবি: প্রথম আলো

করোনাভাইরাসের সংক্রমণহার বৃদ্ধি পাওয়ায় টাঙ্গাইল এবং কালিহাতীর এলেঙ্গা পৌর এলাকায় আজ মঙ্গলবার শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। এ বিধিনিষেধ বাস্তবায়নে দুই পৌর এলাকায় পুলিশের ১৮টি তল্লাশিচৌকি বসানো হয়েছে। কঠোর বিধিনিষেধের প্রথম দিনে এই দুই পৌর এলাকার দোকানপাট ও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে মহাসড়ক হয়ে দুই-একটি যানবাহন চলছে।

সরেজমিনে দেখা যায়, জেলা শহরের নতুন বাসস্ট্যান্ড, জেলা সদর গেট, কুমুদিনী কলেজ মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, ভিক্টোরিয়া রোড, নিরালা মোড়, শান্তিকুঞ্জ মোড়, বেবিস্ট্যান্ড, বটতলাসহ বিভিন্ন এলাকায় পুলিশের তল্লাশিচৌকি রয়েছে। জরুরি প্রয়োজনে মানুষকে পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।

এদিকে আজ দুপুরে টাঙ্গাইল শহরের নিরালা মোড় এবং কালিহাতী উপজেলার এলেঙ্গাসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন জেলা প্রশাসক আতাউল গণি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ প্রশাসনের কর্মকর্তারা। এ সময় তাঁরা বিধিনিষেধ মেনে চলতে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। দুই শতাধিক পুলিশ মাঠে কাজ করছে।

জেলা প্রশাসক আতাউল গনি বলেন, জরুরি সেবা ব্যতীত কোনো কিছু চালু থাকবে না। বিধিনিষেধের প্রথম দিন সঠিকভাবে পালিত হচ্ছে। এভাবে এক সপ্তাহ সঠিকভাবে বিধিনিষেধ পালন করলে করোনার সংক্রমণ অনেক কমে আসবে বলে আশা করছেন তিনি।

১০ দিন ধরে টাঙ্গাইলে করোনা শনাক্তের হার ৩২ শতাংশের ওপর রয়েছে। আজ মঙ্গলবার পর্যন্ত জেলায় ৬ হাজার ৩৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মৃত্যু হয়েছে ১০১ জনের। এ অবস্থায় গত রোববার জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় মঙ্গলবার থেকে এক সপ্তাহ কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত হয়।