টাঙ্গাইলে করোনা রোগী ১৬ হাজার ছাড়াল, মৃত্যু ২৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার নমুনা সংগ্রহ
ফাইল ছবি

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৯। এদিকে গত এক দিনে করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু নিয়ে জেলায় মোট ২৫০ জন মারা গেলেন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয় জানায়, গতকাল শুক্রবার থেকে আজ শনিবার পর্যন্ত জেলায় ২০০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১১ দশমিক ৫। চলতি মাসে জেলায় করোনায় সংক্রমণ ও মৃত্যু—দুটিই কমতে শুরু করেছে। জুলাই মাসে জেলায় মোট ৬ হাজার ৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। আর আগস্টের প্রথম ২১ দিনে ২ হাজার ৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জুলাই মাসে ১০৫ জন করোনায় আক্রান্ত রোগী মারা যান। আগস্ট মাসে মারা গেছেন ৩৭ জন।

গত বছরের ৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হন। ওই বছরের ২০ এপ্রিল জেলায় করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয়। জেলায় মোট আক্রান্ত রোগীদের মধ্যে ১০ হাজার ২৮৮ জন সুস্থ হয়েছেন।

এদিকে বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৫২ জন করোনায় আক্রান্ত রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৫ হাজার ৪১৯ জন। সংক্রমণের হার কমে আসায় হাসপাতালে রোগীর চাপ কমেছে বলে জানা গেছে।

জেলা সিভিল সার্জন আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান জানান, কঠোর বিধিনিষেধ চলার কারণে আক্রান্তের হার কমেছে। একই সঙ্গে মৃত্যু হারও অনেক কমেছে। এর মধ্যে করোনায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁরা বেশির ভাগই বয়স্ক ছিলেন। তবে করোনা প্রতিরোধে এখনো সচেতন থাকা ও স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।