টাঙ্গাইলে করোনায় এবার আক্রান্ত পুলিশ

১০ দিন আগে করোনায় আক্রান্ত পোশাকশ্রমিকের বাড়িতে এক সপ্তাহের খাবার পাঠিয়েছিলেন টাঙ্গাইলের গোপালপুর থানার এক পুলিশ কর্মকর্তা। খাবারের সঙ্গে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছিলেন ‘ভয় নয়, সবাই মিলে করোনাকে করব জয়’। এখন সেই কর্মকর্তা নিজেই আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।
আজ বৃহস্পতিবার টাঙ্গাইলে ওই পুলিশ কর্মকর্তাসহ ১২ জন করোনাভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন। টাঙ্গাইলে এই প্রথম কোনো পুলিশ সদস্যের করোনাভাইরাস শনাক্ত হলো।
আক্রান্ত অন্যদের মধ্যে গোপালপুরের আরও একজন রয়েছেন। এ ছাড়া ধনবাড়ীতে তিনজন স্বাস্থ্যকর্মী, মির্জাপুর স্বাস্থ্যকেন্দ্রের পরিচ্ছন্নতাকর্মীসহ দুজন এবং দেলদুয়ারে এক শিশুসহ দুজন, কালিহাতীতে দুজন ও ভূঞাপুরে একজন শনাক্ত হয়েছেন।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম জানান, ওই পুলিশ কর্মকর্তার কোনো উপসর্গ দেখা যায়নি। তিনি তাঁর বাসভবনেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাঁর সংস্পর্শে আসা পুলিশ সদস্যদের নমুনা পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা সিভিল সার্জন মো. ওয়াহীদুজ্জামান জানান, জেলায় এ পর্যন্ত ৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন দুজন।