টাঙ্গাইলে করোনায় তিনজনের মৃত্যু, শনাক্ত ১৪৯
টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় ১৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ দশমিক ২২ শতাংশ। এই সময় করোনায় মারা গেছেন তিনজন। আজ বুধবার জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ৪২৩ জনের নমুনা পরীক্ষা করে ১৪৯ জনের ফলাফল পজিটিভ আসে। এর মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৯৩ জন, কালিহাতীতে ২১, সখীপুরে ১৩, দেলদুয়ারে ৭, মির্জাপুরে ৬, বাসাইল ও ঘাটাইলে ৩ জন করে, ভুঞাপুরে ২ এবং গোপালপুর ১ জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৫৪৪।
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে কালিহাতীর দুজন ও সদর উপজেলায় একজন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১০৪।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইল ও কালিহাতীর এলেঙ্গা পৌর এলাকায় শুরু হওয়া সাত দিনের কঠোর বিধিনিষেধের বুধবার ছিল দ্বিতীয় দিন। এ দিন দোকান বন্ধ ছিল। গণপরিবহন চলাচল করেনি। করোনার সংক্রমণ ব্যাপক বৃদ্ধি পাওয়ায় জেলা করোনা প্রতিরোধ কমিটি গত রোববার সভা করে এই কঠোর বিধিনিষেধ জারি করে। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় পুলিশ ১৮টি চৌকি স্থাপন করেছে। ১১ দিন ধরে জেলায় সংক্রমণের হার ৩২ শতাংশের ওপরে রয়েছে।
সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান জানান, স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।