টাঙ্গাইলে কারখানায় আগুন, ১৩ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

গতকাল রাত ১১টার দিকে কারখানার দোতলা ভবনের নিচতলায় হঠাৎ করে আগুন লাগেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে নাসির গ্লাসওয়্যার অ্যান্ড টিউব ইন্ডাস্ট্রিজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের ৬০ কর্মী ও ২০ স্বেচ্ছাসেবক আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছেন।

মির্জাপুর ফায়ার সার্ভিস ও কারখানা সূত্রে জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে কারখানার দোতলা ভবনের নিচতলার ফিনিশড গুডস ওয়্যারহাউসের (তৈরি মালামাল প্যাকেট করে রাখার স্থান) উত্তর-পূর্ব কোনায় হঠাৎ আগুন লাগে। এ সময় দ্বিতীয় তলায় প্রায় ১৫০ শ্রমিক কাজ করছিলেন। আগুন দেখে তাঁরা দৌড়ে নিচে নামেন। এ সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে কয়েক শ্রমিক সামান্য আহত হন। এর মধ্যে কাদের মিয়া নামের এক শ্রমিককে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গেছে
ছবি: প্রথম আলো

আজ সকালে দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনটির আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। রাতে আগুন লাগার সময় কারখানার শ্রমিকেরা ভেতর থেকে কিছু মালামাল বাইরে নিয়ে এসেছেন। সেগুলো কারখানা এলাকার বাইরে স্তূপ করে রাখা হয়েছে।

ওই কারখানার শ্রমিক জয়নুল আবেদীন বলেন, গতকাল রাতে তাঁরা ওই ভবনের পাশের মাঠে ভলিবল খেলছিলেন। ১১টার দিকে শ্রমিকদের চিৎকার শুনে তাঁরা দৌড়ে ভেতরে যান। তাৎক্ষণিকভাবে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় থাকা পানি দিয়ে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু দ্রুতই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে
ছবি: প্রথম আলো

কারখানার আইটি কর্মকর্তা শফিক নহর বলেন, যে ভবনে আগুন লেগেছে, সেটির দৈর্ঘ্য প্রায় ২০০ মিটার। ভবনের দ্বিতীয় তলায় উৎপাদনের কাজ চলে। আর নিচতলা গোডাউন হিসেবে ব্যবহৃত হয়। আগুন লাগার সময় সেখানে ১৫০ শ্রমিক কর্মরত ছিলেন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, আগুন লাগার কিছুক্ষণ পর তাঁরা ঘটনাটি জানতে পারেন। মির্জাপুর ছাড়াও টাঙ্গাইল, এলেঙ্গা, ঘাটাইল, সখিপুর, বাসাইল ও গাজীপুরের কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের সদস্যরা কাজ করছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। এখানে দাহ্যবস্তু হিসেবে ম্যাটেরিয়ালস, প্যাকিং বক্স আছে। গোডাউনটি কয়েক লাখ স্কয়ার ফুটের। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে একটু সময় লাগবে। আগুনের কারণ তদন্ত করে পরে জানানো হবে।

আগুন লাগার সময় কারখানার শ্রমিকেরা ভেতর থেকে কিছু মালামাল বাইরে নিয়ে আসতে পেরেছেন
ছবি: প্রথম আলো

জানতে চাইলে নাসির গ্লাসওয়্যার অ্যান্ড টিউব ইন্ডাস্ট্রিজ কারখানার সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জয়নাল আবেদীন বলেন, কারখানার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচুর মালামাল ও যন্ত্রাংশ পুড়ে গেছে। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মহান বিজয় দিবস উপলক্ষে আজ ওই কারখানার শ্রমিকদের অংশগ্রহণে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে আগুনের কারণে সব বন্ধ রাখা হয়েছে।