টাঙ্গাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ৬৬৩ বস্তা চাল উদ্ধার, গ্রেপ্তার এক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

টাঙ্গাইলে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৬৬৩ বস্তা চাল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার করটিয়া এলাকার একটি টিনের গুদামঘর থেকে এসব চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় চাল ব্যবসায়ী শরৎচন্দ্র সূত্রধরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি করটিয়া কলেজপাড়া এলাকার বাসিন্দা।

র‍্যাব-১২–এর ৩ নম্বরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এরশাদুর রহমান প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সদর উপজেলার করটিয়া বাজার এলাকায় অভিযান চালায় র‍্যাব। এ সময় শরৎচন্দ্র সূত্রধরের টিনের গুদামঘর থেকে অবৈধভাবে মজুত রাখা খাদ্যবান্ধব কর্মসূচির ৬৬৩ বস্তা চাল ও ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়। আটক করা হয় শরৎচন্দ্রকে। তিনি দীর্ঘদিন ধরে এসব চাল বেশি মুনাফার আশায় অবৈধভাবে সংগ্রহ করে মজুত করছিলেন বলে জানান এই র‍্যাব কর্মকর্তা। শরৎচন্দ্রের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করা হয়েছে।