টাঙ্গাইলে গৃহবধূ হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার দায়ে তাঁর স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক বেগম খালেদা ইয়াসমিন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম শাহাদাৎ হোসেন। তিনি টাঙ্গাইল সদর উপজেলা চৌবাড়িয়া গ্রামের ওমর আলীর ছেলে। তবে তিনি বর্তমানে পলাতক।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালে শাহাদাৎ হোসেনের সঙ্গে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের আউলটিয়া গ্রামের জাহারা খাতুনের বিয়ে হয়। বিয়ের তিন মাস পর থেকে ১০ হাজার টাকা যৌতুক দাবি করেন শাহাদাৎ। কিন্তু জাহারার পরিবার যৌতুকের টাকা দিতে না পারায় শাহাদাৎ নানাভাবে তাঁর স্ত্রীকে নির্যাতন করতেন।

২০০২ সালের ৬ সেপ্টেম্বর শাহাদাৎ শ্বশুরবাড়িতে যান। রাতে খাওয়াদাওয়া শেষে স্ত্রীকে নিয়ে ওই বাড়ির একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে জাহারার বাড়ির লোকজন পরে বাড়ির পাশের একটি পুকুরে জাহারার লাশ ভেসে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের শরীরে আঘাতের চিহ্ন ছিল। ঘটনার দিনই নিহতের ভাই ইউনুস আলী বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি হত্যা মামলা করেন। পরে মামলার আসামি শাহাদাৎ হোসেন আত্মসমর্পণ করেন।

টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিশেষ সরকারি কৌঁসুলি আলী আহমেদ বলেন, মামলায় চিকিৎসকসহ মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। শাহাদাৎ হোসেন আত্মসমর্পণের পর হাজতে ছিলেন। পরে জামিনে মুক্তি পেয়ে তিনি আত্মগোপনে চলে যান।