টাঙ্গাইলে ঘরে পড়েছিল তিনজনের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ঘাটাইলে একটি বাড়ি থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে
ছবি: প্রথম আলো

টাঙ্গাইলের ঘাটাইলে একটি বাড়ি থেকে প্রবাসীর মা, স্ত্রীসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় পাশেই পড়েছিল গুরুতর আহত ওই প্রবাসীর শিশুসন্তান। আজ শনিবার সকালে উপজেলার কাশতলা গ্রামের খামারপাড়া এলাকার বাড়িতে তাঁদের লাশ পাওয়া যায়। টাঙ্গাইলে কর্মরত র‌্যাব-১২-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার আবদুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেন।

নিহত তিনজন হলেন ওই গ্রামের সৌদিপ্রবাসী জয়নুদ্দিনের স্ত্রী সুমি আক্তার (২৫), জয়নুদ্দিনের মা জমেলা বেগম (৬৫) ও শাহজালাল ইসলাম (৩০) নামের একজন। শাহজালাল কালিহাতী উপজেলার সাতুটিয়া পূর্বপাড়া এলাকার সোহরাব আলীর ছেলে। নিহত সুমির ছেলে শাফিকে (৩) আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

র‌্যাব কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, জমেলা, সুমি ও শাহজালাল নামের তিনজনের লাশ বসতঘরে পাওয়া গেছে। এ সময় সুমির শিশুসন্তানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের পাশে ছুরি ও হাতুড়ি পাওয়া যায়। পরকীয়ার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দিঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, শাহজালালের সঙ্গে সুমির সম্পর্ক ছিল। প্রায় ৬ মাস আগে শাহজালালের সঙ্গে সুমি পালিয়ে যান। পরে সুমিকে আবার ফিরিয়ে এনেছিলেন জয়নুদ্দিন।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ র‍্যাব, পিবিআই ও সিআইডির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।