টাঙ্গাইলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মীর ওপর হামলার অভিযোগ
টাঙ্গাইলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নিজ সংগঠনের কর্মীদের হামলায় এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের কালিবাড়ী মোড়ে সবুর খান টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
আহত ওই ছাত্রলীগ কর্মীর নাম শান্ত সিকদার। তিনি শহরের দেওলা সিকদারবাড়ি এলাকার ইব্রাহিম সিকদারের ছেলে।
শান্ত সিকদার জানান, আজ সকালে টাঙ্গাইল শহীদ মিনারে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ছিল। মিছিল শেষে আজ দুপুরে সেখানে সমাবেশের প্রস্তুতি চলছিল। এ সময় সেখান থেকে ছাত্রলীগের কয়েকজন কর্মী তাঁকে ডেকে ২০–৩০ গজ দূরে সবুর খান টাওয়ারের সামনে নিয়ে যান। সেখানে যাওয়ার পর তাঁর বাসা কোথায় জিজ্ঞেস করেই তাঁর ওপর হামলা করা হয়। এ সময় কাঠের লাঠিসহ দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে তাঁকে আহত করা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। এ সময় হামলাকারীরা তাঁর মুঠোফোন ছিনিয়ে নিয়েছেন। পরে সেখান থেকে দৌড়ে পালিয়ে গিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।
শান্ত সিকদার বলেন, তিনি হামলাকারীদের নাম জানেন না। তবে তাঁরা শহরের আদালতপাড়ার বাসিন্দা ও ছাত্রলীগের কর্মী বলে তিনি দাবি করেন। এ ঘটনায় তিনি মামলা করবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান বলেন, অনুষ্ঠানে কোনো হামলার ঘটনা ঘটেনি। তবে মিছিল করতে গিয়ে সামান্য ধাক্কাধাক্কি হয়েছে।