টাঙ্গাইলে জেনারেল হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু

প্রতিদিনই করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা বাড়ছে। উপসর্গ নিয়ে আসা বেশির ভাগ রোগী হাসপাতালে আসছেন শেষ মুহূর্তে। অনেক রোগীর অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক কম থাকে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস।
প্রতীকী ছবি

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গতকাল শনিবার থেকে আজ রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে সাতজন ও আক্রান্ত ছিলেন চারজন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯৫ জন।

জুলাই মাসের চার দিনে জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪৩ জনের মৃত্যু হলো। অধিকাংশ রোগী মারা যাচ্ছেন অক্সিজেনের অভাবে। এই হাসপাতালে ১ জুলাই উপসর্গ নিয়ে নয়জন এবং আক্রান্ত হয়ে সাতজন, ২ জুলাই উপসর্গ নিয়ে চার ও আক্রান্ত তিন, ৩ জুলাই উপসর্গ নিয়ে তিন ও আক্রান্ত ছয়জন মারা যান।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল সূত্র জানায়, প্রতিদিনই করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা বাড়ছে। উপসর্গ নিয়ে আসা বেশির ভাগ রোগী হাসপাতালে আসছেন শেষ মুহূর্তে। অনেক রোগীর অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক কম থাকে। এসব রোগীকে অক্সিজেন দেওয়ার জন্য হাই ফ্লো নাজাল ক্যানুলা প্রয়োজন হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম জানান, এই হাসপাতালে হাই ফ্লো নাজাল ক্যানুলা রয়েছে ১০টি। এর মধ্যে চারটিই অকেজো। মাত্র ছয়টি হাই ফ্লো নাজাল ক্যানুলা দিয়ে বিপুলসংখ্যক মুমূর্ষু রোগীকে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

আরএমও বলেন, আরও অন্তত ২৫টি হাই ফ্লো নাজাল ক্যানুলা থাকলে রোগীদের যথাযথভাবে সেবা দেওয়া যেত। আজ সদরের সাংসদ ছানোয়ার হোসেন এবং নাগরপুর ও দেলদুয়ার আসনের সাংসদ আহসানুল ইসলাম জেনারেল হাসপাতালে তিনটি হাই ফ্লো নাজাল ক্যানুলা দিয়েছেন বলে জানান আরএমও।

হাসপাতাল সূত্র জানায়, করোনায় আক্রান্ত রোগীদের জন্য প্রতিটি ওয়ার্ডে ১০২টি শয্যা রয়েছে। আজ ওয়ার্ড দুটিতে রোগী ভর্তি আছেন ১১৫ জন। সন্দেহভাজন করোনা রোগীদের জন্য নির্ধারিত ওয়ার্ডে শয্যা রয়েছে ৭০টি। সেখানে ভর্তি রোগীর সংখ্যা ৮৯।

আজ সকালে সরেজমিন হাসপাতালে দেখা যায়, শয্যার অভাবে অনেক রোগী মেঝেতে শুয়ে–বসে চিকিৎসা নিচ্ছেন। অনেক রোগীর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা প্রয়োজন। কিন্তু ছয়টি আইসিইউ শয্যার সব কটিতেই রোগী রয়েছে।

ভূঞাপুর থেকে আসা অনিমেষ বসাক জানান, তিনি করোনা আক্রান্ত বৃদ্ধা মাকে নিয়ে এসেছেন হাসপাতালে। চিকিৎসকেরা বলছেন, তাঁর মাকে আইসিইউতে নেওয়া প্রয়োজন। কিন্তু আইসিইউতে কোনো শয্যা খালি নেই।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় করোনাভাইরাসে আক্রান্ত মানুষের মোট সংখ্যা ৮ হাজার ৪০৪। কয়েক দিন ধরে জেলায় আক্রান্তের হার ৪০ শতাংশের ওপরে রয়েছে।