টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেন আসার সময় অটোরিকশাটি রেলক্রসিং পার হতে গেলে এই দুর্ঘটনা ঘটে
ছবি: প্রথম আলো

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনের ধাক্কায় শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় ঢাকা–বঙ্গবন্ধু সেতু রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ঘাটাইলের গারট্ট গ্রামের মো. হামিদ মিয়ার ছেলে মো. তায়েবুল হোসেন (৫০), তাঁর মেয়ে তাহমিনা বেগম (২৪) ও নাতি মো. তাওহীদ (১৪ মাস)।

ফায়ার সার্ভিস জানায়, তায়েবুল হোসেন আজ দুপুরে কালিহাতীর হাতিয়ায় মেয়ের শ্বশুরবাড়ি থেকে মেয়ে ও নাতিকে নিয়ে ঘাটাইলে ফিরছিলেন। তায়েবুল হোসেন নিজেই ব্যাটারিচালিত অটোরিকশা চালাচ্ছিলেন। অটোরিকশাটি হাতিয়া রেলক্রসিং এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তায়েবুল ও শিশু তাওহীদের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাহমিনাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়।

অটোরিকশাটি দুমড়েমুচড়ে যাওয়ায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে
ছবি: প্রথম আলো

এলেঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মোস্তাফিজুর রহমান বলেন, ওই রেলক্রসিংয়ে কোনো গেটম্যান ছিলেন না। ট্রেন আসার সময় অটোরিকশাটি রেলক্রসিং পার হতে গেলে এই দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তিদের লাশ পুলিশের হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।