টাঙ্গাইলে পৃথক ট্রেন দুর্ঘটনায় নিহত ২
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা এবং ট্রেনের সঙ্গে পিকআপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে কালিহাতী উপজেলার ঢাকা-বঙ্গবন্ধু সেতু রেলপথে প্রথমজন এবং বঙ্গবন্ধু সেতু-তারাকান্দি রেলপথে দ্বিতীয়জন নিহত হন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের মাস্টার মারফিন হাসান বলেন, কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় বৃহস্পতিবার দুপুরের দিকে উত্তরবঙ্গগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন অজ্ঞাত এক বৃদ্ধা। ঘটনাস্থলেই তিনি নিহত হন।
রেলওয়ে পুলিশের টাঙ্গাইল ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সবুর মিয়া বলেন, বৃহস্পতিবার দুপুরে ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের খড়ক রেলক্রসিং এলাকায় একটি পিকআপ ভ্যানকে ময়মনসিংহগামী ট্রেন ধাক্কা দেয়। এতে ওই পিকআপ ভ্যানের চালক জুয়েল মিয়া (২৯) ঘটনাস্থলেই নিহত হন।
নিহত জুয়েল ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া গ্রামের তারা মিয়ার ছেলে। ঘটনার পর স্বজনেরা তাঁর লাশ নিয়ে গেছেন বলে রেল পুলিশ জানিয়েছে।