টাঙ্গাইলে বাবাকে হত্যায় ছেলের আমৃত্যু কারাদণ্ড
টাঙ্গাইলে এক বাবাকে হত্যার দায়ে তাঁর ছেলেকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের এ রায় দেন।
দণ্ডিত ব্যক্তির নাম মো. হাসমত আলী (৪২)। তিনি ঘাটাইল উপজেলার রামদেবপুর হেংগারচালা গ্রামের ছামেদ আলীর ছেলে।
টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান জানান, হাসমত আলী ২০২০ সালের ১৭ অক্টোবর রাত নয়টার দিকে তাঁর বাবা ছামেদ আলীর কাছে মাদকদ্রব্য কেনার জন্য টাকা চান। ছামেদ আলী টাকা দিতে না চাইলে হাসমত তাঁকে মারধর করতে থাকেন। এ সময় মা হাসনা বেগম এগিয়ে এলে তাঁকেও ধাওয়া করেন হাসমত।
পরে বাড়িতে থাকা কোদাল দিয়ে ছামেদ আলীর গলা, মাথা ও ঘাড়ে আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই ছামেদ আলীর মৃত্যু হয়। এ সময় হাসমত আলী তাঁর মা হাসনা বেগমকে কোপাতে গেলে এলাকার লোকজন এসে তাঁকে ধরে ফেলেন। এরপর ওই দিন রাতেই হাসমত আলীকে পুলিশে দেওয়া হয়।
আদালতের নথি সূত্রে জানা যায়, এ ঘটনায় পরদিন হাসনা বেগম বাদী হয়ে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় হাসমত আলীকে একমাত্র আসামি করা হয়। তদন্ত শেষে ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল হাসান ২০২০ সালের ২৯ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন।
সরকারি কৌঁসুলি এস আকবর খান বলেন, গ্রেপ্তারের পর থেকে হাসমত আলী জেলহাজতে ছিলেন। মঙ্গলবার তাঁকে আদালতে আনা হয়। রায় ঘোষণার পর তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।