টাঙ্গাইলে বাসচাপায় মা–বাবা, স্ত্রীসহ শিক্ষকের মৃত্যু
মা সালেহা বেগমকে সিএনজিচালিত অটোরিকশা করে চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছিলেন শিক্ষক মো. আল আমিন। তাঁর সঙ্গে ছিলেন মা–বাবা শিক্ষক স্ত্রী ও বোন। পথে বাস অটোরিকশাটিকে চাপা দিলে মা–বাবা, স্ত্রীসহ তিনি নিহত হন। আহত হয়েছেন তাঁর বোন।
আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইল শহরে বাইপাস সড়কের রাবনা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
নিহত চারজন হলেন ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ভদ্রশিমুল দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল আমিন (৫৪), তাঁর স্ত্রী একই স্কুলের সহকারী শিক্ষক শিউলি খাতুন (৪২), নিহত আল আমিনের বাবা মো. সোহরাব আলী (৭৫) ও মা সালেহা বেগম (৭০)। এ দুর্ঘটনায় আল আমিনের বোন হাজেরা বেগম ও অটোরিকশাচালক ফেরদৌস তরফদারকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, ভূঞাপুর উপজেলা সদর থেকে আল আমিন তাঁর পরিবারের সদস্যদের নিয়ে টাঙ্গাইল শহরের উদ্দেশে রওনা হন। দুপুর ১২টার দিকে টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা মোড় থেকে শহরের দিকে ঢোকার পথে সৈকত পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেয়। আশপাশের লোকজন চালকসহ ছয় আরোহীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রথমে আল আমিনের স্ত্রী শিউলি খাতুনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত আল আমিন, সোহরাব আলী ও সালেহা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতির সময় তাঁরা মারা যান।
নিহত আল আমিনের ভাই নজরুল ইসলাম জানান, তাঁর অসুস্থ্ মা সালেহা বেগমকে ডাক্তার দেখানোর জন্য পরিবারের সদস্যরা টাঙ্গাইল শহরে যাচ্ছিলেন। দুপুরে তাঁর ভাইয়ের মুঠোফোন থেকে একজন পুলিশ সদস্য প্রথমে এ দুর্ঘটনার খবর দেন। পুলিশ সদস্য জানান, দুর্ঘটনায় সবাই আহত হয়েছেন। তাই তাঁদের চিকিৎসার জন্য তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যেতে বলেন। কিন্তু হাসপাতালে গিয়ে তিনি সবার লাশ দেখতে পান।
নিহত আল আমিন ভূঞাপুর উপজেলা সদরের পশ্চিম ভূঞাপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তাঁদের দুই মেয়ে রয়েছে। বড় মেয়ে আশা দশম শ্রেণিতে এবং ছোট মেয়ে আঁখি ষষ্ঠ শ্রেণিতে পড়ছে।
এসআই মতিউর রহমান জানান, বাসটিকে পুলিশ জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন।