টাঙ্গাইলে বাড়িতে প্রশ্ন পাঠিয়ে এক বিদ্যালয়ের পরীক্ষা নেওয়ার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ বন্ধের মধ্যেই টাঙ্গাইল সদর উপজেলার সয়া-চাকতায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে স্কুলে এসে নয়, পরীক্ষা ফি দেওয়ার পর বাড়িতে পৌঁছে দেওয়া হবে প্রশ্নপত্র। মাস শেষে উত্তর লিখে খাতা স্কুলে জমা দিতে হবে। তবে এভাবে পরীক্ষার নেওয়ার বিরোধিতা করছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

স্কুল সূত্র জানায়, ওই স্কুলে পাঁচ শতাধিক শিক্ষার্থী রয়েছে। পরীক্ষা ফি জমা দেওয়ার পর বিদ্যালয় থেকে ১৫ জন স্কাউট সদস্যের মাধ্যমে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হবে। প্রশ্ন দেখে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে উত্তরপত্র তাদের কাছেই রাখা হবে। নির্ধারিত সময়ের পর উত্তরপত্রগুলো সংগ্রহ করে বিদ্যালয়ে আনা হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৬০ টাকা এবং নবম-দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ৭০ টাকা পরীক্ষার ফিস আদায় করা হচ্ছে।

করোনাভাইরাস সংক্রমণের এই ঝুঁকির সময় পরীক্ষা নেওয়াটা উচিত হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, তাদের কাছ থেকে নির্ধারিত হারে পরীক্ষার ফি আদায় করা হয়েছে। এ সময় দু-একটি বিষয়ের প্রশ্নপত্রও দেওয়া হয়েছে। বাকি বিষয়ের প্রশ্নপত্র শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে।


মুঠোফোনে একাধিক অভিভাবক বলেন, শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে প্রশ্নপত্র আদান-প্রদান করা ব্যক্তির মাধ্যমেও করোনাভাইরাস ছড়াতে পারে। তাই পরীক্ষা বন্ধের দাবি জানান তাঁরা।

স্থানীয় ইউপি সদস্য মুকুল হোসেন বলেন, সরকারের পক্ষ থেকে যেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে, সেখানে এই সময়ে পরীক্ষা নেওয়া উচিত হচ্ছে না।

জানতে চাইলে অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ ফজলুল হক বলেন, পড়ালেখায় আগ্রহ বাড়াতে স্কুল পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই পরীক্ষার আয়োজন করা হয়েছে। পাঁচ শতাধিক শিক্ষার্থীর মধ্যে গত শনিবার পর্যন্ত ১৩৫ জন শিক্ষার্থী বিদ্যালয়ে এসে সামাজিক দূরত্ব বজায় রেখে ফিস জমা দিয়ে প্রশ্নপত্র সংগ্রহ করেছে। বাকিদের প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হবে। উপজেলা শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক সমিতির সভাপতি বিষয়টি জানেন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে বর্তমান সময়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। তাই এই সময় পরীক্ষা নেওয়া ঠিক হবে না। তা ছাড়া বাসায় বসে শিক্ষার্থীরা বই দেখেই উত্তর লিখতে পারবে। এতে পরীক্ষা কোনো কাজেই আসবে না।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহীন আশরাফি বলেন, পরীক্ষার বিষয়ে তিনি জানেন। সংসদ টিভিতে যে পাঠদান করা হয়, সেই বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হবে।