টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু
টাঙ্গাইলে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাইজোয়াইর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে মো. আইনউদ্দিন (৬৫) ও তাঁর ছেলে আনোয়ার হোসেন (৩৩)। আইনউদ্দিন কৃষিকাজ করতেন ও তাঁর ছেলে আনোয়ার অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ জানান, আনোয়ার হোসেন গতকাল সোমবার নতুন একটি অটোরিকশা কেনেন। এরপর রাতে নিজ বাড়িতেই ওই রিকশার ব্যাটারি চার্জে দিয়ে রাখেন। ভোরে চার্জ দেওয়া ব্যাটারি খুলতে গেলে আনোয়ার হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাঁর চিৎকার শুনে বাবা আইনউদ্দিন সেখানে এসে ছেলেকে স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আইনউদ্দিনের স্ত্রী গিয়ে বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে দেন।
এরপর দ্রুত তাঁদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।