টাঙ্গাইলে রোববার হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল
টাঙ্গাইল

টাঙ্গাইলে আগামী রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি। ঢাকা বিভাগে ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার মিছিল বের করতে গেলে জেলা যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এর প্রতিবাদে রোববার হরতালের ডাক দেওয়া হয়।

জেলা বিএনপির একাধিক নেতা জানান, সকাল সাড়ে ১০টার দিকে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে হরতালের সমর্থনে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় পুলিশ সেখান থেকে ১০ জনকে আটক করে। আটক লোকজনের মধ্যে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক, শহর ছাত্রদলের সভাপতি মারুফ সারোয়ার, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কে এম তৌহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রয়েছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম জানান, দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে রোববার জেলায় হরতাল পালন করা হবে।

টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, গাড়ি ভাঙচুর ও নাশকতার আশঙ্কায় তাঁদের আটক করা হয়েছে।