টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বিক্রয় প্রতিনিধির

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির দুই বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় সখীপুর-ঢাকা সড়কের শোলা প্রতিমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত দুজন হলেন একমি কোম্পানির আরাফাতুর রহমান (৩১) ও গ্লুটেক কোম্পানির বিক্রয় প্রতিনিধি দেলোয়ার হোসেন (২৮)। তাঁরা সখীপুর উপজেলায় কাজ করতেন। আরাফাত নাটোরের লালপুর উপজেলার নওদাপাড়া গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে এবং দেলোয়ার হোসেন দিনাজপুর সদর উপজেলার মণ্ডল গ্রামের ফজলুর রহমানের ছেলে। তাঁরা দুজনই কয়েক বছর ধরে সখীপুর পৌর এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহীন মিয়া বলেন, আরাফাত ও দেলোয়ার একটি মোটরসাইকেলে করে উপজেলার নলুয়া থেকে সখীপুরের দিকে যাচ্ছিলেন। গতকাল রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সখীপুর সড়কের শোলা প্রতিমা এলাকায় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে আরাফাত ও দেলোয়ার ঘটনাস্থলেই মারা যান। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে রাত সাড়ে ১১টার দিকে সখীপুর থানা-পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সখীপুর থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) সানিউল আলম প্রথম আলোকে বলেন, একটি কাভার্ড ভ্যান মির্জাপুরের গোড়াই এলাকা থেকে আটক করে থানায় আনা হয়েছে। ওই ভ্যানের চালক ও সহকারীকেও আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।