টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলা-নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যালট বাক্স
প্রতীকী ছবি

টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মী–সমর্থকদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ উঠেছে।

আজ রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী নূর এ আলম ওরফে তুহিন। হুগড়া ইউনিয়নবাসীর ব্যানারে এ সংবাদ সম্মেলন করার আগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়।

অভিযোগের বিষয়ে তোফাজ্জল হোসেন খান বলেন, তাঁর কর্মীরা স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলা করেননি। বরং স্বতন্ত্র প্রার্থী নূর এ আলম এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের দিয়ে নৌকার কর্মীদের হুমকি দিচ্ছেন। তাঁর (আলমের) সঙ্গে চরমপন্থী ও সর্বহারা পার্টির ক্যাডাররা আছেন।

সংবাদ সম্মেলেনে লিখিত বক্তব্যে নূর এ আলম বলেন, ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান ওরফে তোফা নেতৃত্ব দিয়ে তাঁর (নূর এ আলমের) কর্মী–সমর্থকদের ওপর হামলা চালান। হামলায় অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন। মৈশা গ্রামের তোফাজ্জল নামের এক কর্মীকে বেধড়ক পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হচ্ছে। হামলার শিকার আরেকজনের মাথার খুলি ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। তাঁকেও ঢাকায় চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন চোখে দেখতে পান না, তাঁর স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। ১৫ ডিসেম্বর চর হুগড়া গ্রামের শফিকুল ইসলামের ছয় বছরের শিশুপুত্রকে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। এতে তার মাথা ফেটে যায়। এ ছাড়া আরও অনেককে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে।

স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা, পোস্টার ছিঁড়ে ফেলা ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ করা হয়েছে তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে। এসব অভিযোগের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য টাঙ্গাইল সদর থানা ও নির্বাচন কার্যালয়ে লিখিত আবেদন জানিয়েছেন নূর এ আলম। তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্যও প্রশাসনের প্রতি আহ্বান জানান।