টাঙ্গাইলে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন
টাঙ্গাইলে গতকাল বুধবার একটি হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. এহ্সানুল হক এ রায় দেন।
জেলার নাগরপুর উপজেলার বনগ্রামের শামছুল আলমের ছেলে জহিরুলকে হত্যার দায়ে দণ্ড পাওয়া ওই পাঁচজন হলেন উপজেলার কালিয়া গ্রামের জাকির হোসেন, ইব্রাহীম খলিল, চৌবাড়িয়া গ্রামের এবাদত আলী, সরোয়ার হোসেন এবং দুয়াজানি গ্রামের শাহিনুর। তাঁদের মধ্যে শাহিনুল পলাতক। রায়ে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, দণ্ড পাওয়া ব্যক্তিরা ২০০৯ সালের ২১ সেপ্টেম্বর নাগরপুর উপজেলার বনগ্রামের শামছুল আলমের ছেলে জহিরুলকে হত্যা করেন। পরদিন তাঁর লাশ পার্শ্ববর্তী দেলদুয়ার উপজেলার দশাকিয়া গ্রামের একটি ধানখেত থেকে পুলিশ উদ্ধার করে। পরে দেলদুয়ার থানার উপপরিদর্শক জহুর আলী বাদী হয়ে একটি মামলা করেন।