টাঙ্গাইলে ২১ দিন পর করোনায় মৃত্যু শূন্য
টাঙ্গাইলে ২১ দিন পর বৃহস্পতিবার করোনায় মৃত্যু ছিল শূন্য। বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়নি। জেলা স্বাস্থ্য বিভাগের করোনাভাইরাস–সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় এ পর্যন্ত মোট ১৯৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তাঁদের মধ্যে ৭৯ জনের মৃত্যু হয় চলতি জুলাই মাসে। এর আগে ৩০ জুন সর্বশেষ মৃত্যু শূন্য ছিল। গত বছরের ৮ এপ্রিল জেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয় গত বছর ২০ এপ্রিল। ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিউদ্দিন নামের এক কলেজছাত্রের প্রথম মৃত্যু হয়।
এ বছরের জুন থেকে জেলায় আক্রান্তের হার বেড়ে যায়। জুলাই মাসে আক্রান্তের পাশাপাশি মৃত্যুর হারও বেড়ে যায়। স্বাস্থ্য বিভাগের করোনাভাইরাস–সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে শুধু করোনা শনাক্ত হওয়ার পর যাদের মৃত্যু হয়েছে, শুধু সেই সংখ্যা এসেছে। করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারীদের সংখ্যা এই প্রতিবেদনে আসেনি।
বৃহস্পতিবার জেলায় আরও ১০৮ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। ৩৪৩ জনের নমুনা পরীক্ষা করে এ রোগী শনাক্ত হয়। আক্রান্তের হার ৩১ দশমিক ৪৮ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ১২ হাজার ৩৬৮। এঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৫১২ জন। বর্তমানে ৫ হাজার ৮৫৬ জন করোনায় আক্রান্ত রোগী রয়েছেন। এঁদের ৫ হাজার ৫৪৩ জন বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ওয়ার্ড, মির্জাপুরের কুমুদিনী হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১৯ জন করোনা রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান জানান, সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করায় জেলায় সংক্রমণের হার কমছে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণের হার আরও কমে আসবে বলে তিনি মনে করেন।