টাঙ্গাইলে 'বন্দুকযুদ্ধে' সন্দেহভাজন দুই জেএমবি সদস্য নিহত
টাঙ্গাইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার ভোরে মধুপুর উপজেলার টেলকি এলাকার গায়রা নামক স্থানে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত দুজন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।
গতকাল রাত ১০টা পর্যন্ত নিহত দুজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। দুজনের বয়স ২৮ থেকে ৩০ বছর বলে জানানো হয়।
তবে নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, নিহতদের একজনের নাম মোকছেদুল ইসলাম ওরফে মোজাম্মেল (৩৫)। বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম রাঘবপুর গ্রামে। অপরজনের নাম মাহফুজুর রহমান ওরফে সোহেল ওরফে শুভ। বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কানাইপাড় গ্রামে। দুজনই দীর্ঘদিন ধরে পরিবারবিছিন্ন ছিলেন বলে জানা গেছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলমের ভাষ্য অনুযায়ী, মধুপুর বনাঞ্চলের একটি গির্জায় হামলা হতে পারে, এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাত থেকে ওই এলাকায় বিভিন্ন স্থানে তল্লাশিচৌকি বসায় মধুপুর থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশের একটি দল অবস্থান নেয় গায়রা গ্রামে অবস্থিত ওই গির্জার কাছে। ভোর সাড়ে চারটার দিকে একটি মোটরসাইকেলে করে আসা দুই যুবক ওই এলাকা অতিক্রম করার সময় পুলিশ তাঁদের থামতে বলে। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা যুবক পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। অপর যুবক পুলিশকে চাপাতি দিয়ে আঘাত করতে এগিয়ে যান। পুলিশ পাল্টা গুলি চালালে দুজনই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার, তিনটি গুলি, দুটি চাপাতি, বোমা তৈরির নির্দেশিকা ও বেশ কিছু ‘জিহাদি’ প্রচারপত্র, ১ হাজার ২০০ টাকা ও একটি মুঠোফোন উদ্ধার করেছে। ময়নাতদন্ত করতে দুপুরে দুজনের লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ সুপার বলেন, ওই দুই যুবকের চলাফেরা ও উদ্ধারকৃত আলামত পর্যালোচনা করে মনে হচ্ছে, তাঁরা জঙ্গি সংগঠন জেএমবির সদস্য।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ জানান, পুলিশ বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
এদিকে ঘটনাস্থলের কাছাকাছি টেলকি বাজার এলাকার সুরা হাদিমা ও বঙ্গা বর্মণ নামের দুই বাসিন্দা জানান, রাতে তাঁরা গুলির শব্দ শুনেছেন। মনে করেছিলেন, সেনাবাহিনীর প্রশিক্ষণ চলছে।
প্রথম আলোর গাইবান্ধা প্রতিনিধি জানান, পুলিশ গতকাল রাত নয়টা পর্যন্ত নিহত দুজনের পরিচয় জানাতে না পারলেও নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, তাঁদের একজনের নাম মোকছেদুল ইসলাম ওরফে মোজাম্মেল। তিনি গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম রাঘবপুর গ্রামের দিনমজুর আবুল কালাম আজাদের ছেলে। এলাকাবাসী জানিয়েছে, মোকছেদুলও দিনমজুরের কাজ করতেন।
মোকছেদুলের বাবা আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, প্রায় এক বছর আগে মোকছেদুল স্ত্রী-সন্তান নিয়ে বাড়ি থেকে কাজে যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকে তাঁর সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই।
বোনারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল ওয়ারেছ প্রধান বলেন, ‘এলাকায় মোকছেদুলের জঙ্গি তৎপরতার কথা শোনা যায়নি। তবে বাইরে ছিল কি না, তা আমার জানা নেই।’
মোকছেদুলের বিষয়ে জানতে চাইলে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সম্প্রতি নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে প্রচার-প্রচারণা চালালে মোকছেদুল ইসলাম ও তাঁর স্ত্রী এক বছর ধরে বাড়িছাড়া বলে জানা যায়। তবে মোকছেদুলের বিরুদ্ধে সাঘাটা থানায় কোনো মামলা নেই।
প্রথম আলোর ময়মনসিংহ অফিস জানায়, টাঙ্গাইলের মধুপরে ‘বন্দুকযুদ্ধে’ নিহতদের একজন মাহফুজুর রহমান ওরফে সোহেল ওরফে শুভর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কানাইপাড় গ্রামে।
গতকাল সন্ধ্যায় মাহফুজুর রহমানের কথা জিজ্ঞেস করা হলে কানাইপাড় গ্রামের মানুষ জানান, মাহফুজুর রহমানকে তাঁরা সোহেল নামে চেনেন।
রাত আটটার দিকে কানাইপাড় গ্রামের পাশের আন্ধারিপাড়া বাজারে গিয়ে কয়েকজনের সঙ্গে কথা বলে মাহফুজুর রহমানের বৈমাত্রেয় এক ভাইয়ের মুঠোফোন নম্বর পাওয়া যায়। ফোন করা হলে তিনি নিজের নাম প্রকাশ না করার শর্তে বলেন, মাহফুজুর তাঁর ভাই। তিনি দীর্ঘদিন ধরে পরিবার থেকে বিছিন্ন। দুই বছরের বেশি সময় ধরে মাহফুজুরের সঙ্গে তাঁদের কোনো যোগাযোগ নেই। বেশ কয়েক বছর আগে মাহফুজুরের বাবা মিজানুর রহমান মারা যান। এরপর মাহফুজুরের মা বাড়ি ছেড়ে চলে গেলে পরিবার বিছিন্ন হয়ে যায়। মাহফুজুর ফুলবাড়িয়া উপজেলার একটি দাখিল মাদ্রাসায় পড়ত। গ্রামের অনেকেই জানে মাহফুজুর ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন।
ফুলবাড়িয়া থানার ওসি রিফাত খান রাজিব জানান, ২০১১ সালের ১৫ জানুয়ারি মাহফুজুর রহমানের নামে হাটহাজারী থানায় একটি নাশকতার মামলা হয়। ওই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তরি পরোয়ানা জারি করা আছে। তিনি পালাতক আসামি। তবে ওসি মুধুপরে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তিদের মধ্যে মাহফুজুর রহমান আছেন কি না, সে ব্যাপারে নিশ্চিত করতে পারেননি।